হরতালে গাড়ি ভাঙচুর মামলায় কারাগারে ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামি ও সমমনা ১২ দলের ডাকা রোববারের হরতালে গাড়ি ভাঙচুর করে ত্রাস সৃষ্টির অভিযোগে করা দুই মামলায় গতকাল সোমবার ১২ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপর আসামি মোবারক হোসেনের জামিন মঞ্জুর করেন আদালত। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান গতকাল দুই মামলায় ১২ জনকে সাত দিন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত এই রিমান্ড আবেদনের শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেন।২৬ সেপ্টেম্বর মোবারক হোসেনের পবিত্র হজ পালনে যাওয়ার তারিখ নির্ধারিত থাকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত।আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরিকল্পিতভাবে গাড়ি ভাঙচুর করে জনমনে আতঙ্ক ও ত্রাসের সৃষ্টি করেন। তাঁদের সহযোগীদের সম্পর্কে জানতে ও গ্রেপ্তার করতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।গাড়ি ভাঙচুরের ঘটনায় মিরপুর মডেল থানা পুলিশ দুটি মামলা করে।