হরতালে জনজীবনে ভোগান্তি ট্রেন-লঞ্চ চললেও যাত্রী কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন দিলরুবা খানম (ছদ্মনাম)। থাকেন দক্ষিণ খান এলাকার প্রান্তসীমায়। অফিস থেকে বলা হয়েছে, হরতাল হোক আর যাই হোক অনুপস্থিত থাকা চলবে না। নতুন চাকরি, না গেলে সমস্যাটা অন্যদের থেকে আরও বেশি। তাই হরতালের আতঙ্ক নিয়ে বাসা থেকে বের হওয়া, দীর্ঘক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করা, অবশেষে অনেক ভোগান্তি করে অফিসে আসা। ফেরার পথে একই ভোগান্তি। বিএনপির ডাকা গতকাল হরতালে একই রকম ভোগান্তিতে পড়তে হয়েছে অগণিত মানুষকে। দিলরুবার মতো আরও অনেকেই প্রথম আলোকে এসব কথা বলেছেন। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সৌদি আরব থেকে ফেরা হজযাত্রীরা। বিমানবন্দরে নেমে যানবাহনের অভাবে তাঁরা চরম দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে সন্ধ্যা পর্যন্ত বিমানবন্দরেই কাটাতে হয়। সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে কমলাপুর থেকে সব ট্রেন এবং সদরঘাট থেকে বেশির ভাগ লঞ্চ ছেড়ে যায়। কিন্তু টার্মিনালে যাওয়ার জন্য যানবাহন পাননি দূরদূরান্তের যাত্রীরা। তবে হরতালের সময়েও নির্ধারিত সব ট্রেন কমলাপুর এসেছে এবং কমলাপুর থেকে ছেড়ে গেছে বলে জানিয়েছে রেলওয়ে। তবে দ্রুতযানসহ উত্তরবঙ্গ থেকে বেশির ভাগ ট্রেন এসেছে দেরিতে। চট্টগ্রাম অভিমুখী মহানগর গোধূলিতে যাওয়ার জন্য আগেই টিকিট করেছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মনির হোসেন। সকালে ছেলেকে নিয়ে বসেছিলেন কমলাপুর প্লাটফর্মে। বললেন, নাখালপাড়া থেকে একটি সিএনজি অটোরিকশা করে খুব ভোরে স্টেশনে এসেছেন। আরও অনেক যাত্রী ছিলেন, যাঁরা আগের রাতেই স্টেশনে হাজির হয়েছেন। রাত কাটিয়েছেন প্লাটফর্মে শুয়ে। স্টেশন মাস্টার নৃপেন্দ চন্দ সাহা জানান, সব ট্রেন ঢাকা ছেড়ে গেলেও যাত্রী ছিল কম। অনেক যাত্রী স্টেশন পর্যন্ত আসতে পারেননি। সদরঘাট লঞ্চ টার্মিনালে গতকাল বিকেল চারটা পর্যন্ত ৫২টি লঞ্চ পৌঁছায় এবং ১২টি লঞ্চ ছেড়ে যায়। এ সময়ের মধ্যে ছাড়ার কথা ছিল ১৬টি লঞ্চ। অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঊর্ধ্বতন উপপরিচালক শরিফ আফজাল জানান, দিনের বেলায় চাঁদপুরগামী লঞ্চই চলে বেশি। সেগুলো ছেড়ে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে প্রায় সব লঞ্চ এসেছে। তবে টার্মিনালে আসার সমস্যার কারণে যাত্রী ছিল কম।