হরতালে দাম কমেছে পচনশীল পণ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা তিন দিনের হরতালে রাজধানীতে পাইকারি বাজারে ফুল, ফলসহ বিভিন্ন পচনশীল পণ্যের দাম কমেছে। এর পরও ক্রেতা নেই। ফলে লোকসান গুনছেন বিক্রেতারা। বিভিন্ন বাজারে গতকাল মঙ্গলবার সরেজমিনে পাওয়া গেছে এ তথ্য।পর পর তিন দিনের সকাল-সন্ধ্যা হরতালের কারণে সব ধরনের অনুষ্ঠান বাতিল করতে হয়েছে। এর ফলে কমে গেছে ফুলের চাহিদা। এতেই বিপত্তি ঘটেছে ফুলের ব্যবসার।শাহবাগে ফুলের দোকানগুলোর সামনের রাস্তায় গিয়ে দেখা গেছে পচে যাওয়া ফুলের স্তূপের সারি। দোকানের মালিক-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। গতকাল মঙ্গলবার সকালে কথা হয় আনিকা পুষ্পবিতানের বিক্রেতা মো. শামীমের সঙ্গে। জানালেন, অনেকেই ফুলের ‘অর্ডার’ দিলেও হরতালের কারণে তাঁরা নির্ধারিত অনুষ্ঠানের সময়সূচি পরিবর্তন করে তা বাতিল করেছেন। এতে ফুল দোকানে থেকেই পচে নষ্ট হচ্ছে। গুনতে হচ্ছে বড় ধরনের লোকসান। শাওন পুষ্পবিতানের স্বত্বাধিকারী মহি বিল্লাহ বলেন, ‘হরতালে সব দিক থেকেই সমস্যা। ফুল কিনব কেডা? যে ফুল আছে, লোকসানের ভয়ে তারও দাম কমায় দিছি। অনেক ফুল পইচ্যা গেছে। এদিকে কর্মচারীদেরও বেতন-খাওন দিতে হয়।’ তিনি জানান, সব মিলে তাঁর প্রায় ৪০ হাজার টাকার ফুল নষ্ট হয়েছে। অন্যান্য ফুল ব্যবসায়ীরও একই অবস্থা।একই পরিস্থিতি ফলের বাজারগুলোতেও। ধানমন্ডির খুচরা ফলবিক্রেতা মো. কামালের কণ্ঠে হতাশার সুর। তিনি বললেন, ‘হরতালে বিরাট ঝামেলায় আছি। কাঁচামাল বিক্রি করতে না পারলে নষ্ট তো হইবই।’ তিনি জানান, সব ফল সংরক্ষণ করে রাখা যায় না। বিশেষ করে অবিক্রীত আপেল, আতা, মালটা, আঙুর, তরমুজ, বাঙ্গিসহ বিভিন্ন ফল প্রচণ্ড গরমে নষ্ট হচ্ছে।আরেক ফলবিক্রেতা মাহবুব বলেন, ফল মজুদ রাখলে ওজন কমে। তাই নষ্ট হওয়ার ভয়ে দাম কমাতে হচ্ছে। তার পরও ক্রেতা নেই। হরতালের তিন দিনে তাঁর প্রায় ১০ হাজার টাকার ফল নষ্ট হয়েছে বলে তিনি জানান।এদিকে, বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য সময়ের চেয়ে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা কমে বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে। কারওয়ান বাজারের মাছ বিক্রেতা আজগর আলী জানান, হরতালের কারণে মানুষ বাজারে আসছে না। মজুদ করা মাছ নষ্ট হয়ে যাচ্ছে। তাই বড় ধরনের লোকসানের ভয়ে কেনা দামেরও কম দামে মাছ বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে মাছের দাম কম থাকলেও খুচরা বাজারগুলোতে অবশ্য দেখা গেছে উল্টো চিত্র। পর্যাপ্ত সরবরাহ নেই দেখিয়ে খুচরা বিক্রেতাদের বেশি দামে মাছ বিক্রি করতে দেখা গেছে।