হরতালে দুর্ভোগ আর ভীতি ছিল শহরজুড়ে
রাজধানীর বিজয় সরণি মোড়ে গতকাল মঙ্গলবার সকালে দাঁড়িয়ে ছিলেন মো. শহীদুল্লাহ (৪০)। পেশায় রাজমিস্ত্রি, থাকেন তেজতুরী বাজারে। মিরপুরের পল্লবীতে ভবন নির্মাণের কাজ করছেন, সেখানে যাওয়ার জন্যই এই অপেক্ষা। কিন্তু যাবেন কীভাবে—বাস চলছে না, রিকশাওয়ালা দর হাঁকাচ্ছে ১৫০ টাকা, সিএনজিচালিত অটোরিকশা চাইছে ২৫০। তাঁর সঙ্গে রয়েছে একটি পানির পাম্প। এই ভারী জিনিস নিয়ে যাওয়াও যাবে না, নইলে হেঁটে যেতেন।প্রতিদিন শহীদুল্লাহর রোজগার ৪৫০ টাকা। যদি যেতেই এত টাকা চলে যায়, তবে ফিরতেও এই পরিমাণ টাকাই লাগবে। দুই দিন আগে, অবরোধের দিন বাসে চড়ে কাজে গিয়েছিলেন। মাঝপথে অবরোধকারীদের হামলার মুখে পড়ে বাসটি। তাই বাসে চড়তেও ভরসা পাচ্ছেন না। নিরাপত্তা আর সীমাবদ্ধ পকেটের মধ্যে চূড়ান্ত টানাপোড়েন চলছে, শহীদুল্লাহর মুখ দেখে তা স্পষ্ট হয়।হরতালের সকালে কর্মস্থলমুখী মানুষের এমন দুর্ভোগ রাজধানীর অনেক জায়গায় দেখা গেছে।কর্মস্থল নিউমার্কেট এলাকায় যাওয়ার জন্য জাতীয় সংসদ ভবনের উল্টোদিকে খেজুর বাগান এলাকায় রিকশা ভাড়া করছিলেন সাবেরা সুলতানা। প্রতিদিন বাসে করে যান। আজ রিকশায় যাবেন। ভাড়া ১০০ টাকা। অন্য সময় ৫০ টাকায় যাওয়া যায়। একটি ছোট ফার্মের কর্মী সাবেরা ভাড়া ঠিক করতে গলদঘর্ম। বললেন, ‘আমাদের মতো সীমিত আয়ের মানুষেরা আসলে অসহায় হয়ে পড়ি এসব দিনে।’গতকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছিল বার্ষিক পরীক্ষা। হরতালে মারামারি হয়, তাই তেজগাঁও ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র নাইমুর রহমান আসতেই চায়নি। মা নিলুফা ইয়াসমিন অনেক বুঝিয়ে নিয়ে এসেছেন ছেলেকে। তিনি বলছিলেন, ‘খুব ভয়ে ভয়ে এসেছি ছেলেকে নিয়ে। ঘরে না ফেরা পর্যন্ত শান্তি নাই।’‘চাক্কা না চললে ট্যাকা নাই’, তাই মো. সবুজ মিয়া বা আলী হোসেনদের কাছে হরতাল শব্দটির অর্থ হলো, জমানো কিছু থাকলে সেটা ভাঙানো কিংবা ধার করে ক্ষুধা মেটানো। এই দুজনই মহাখালী বাসস্ট্যান্ডের ঢাকা-টাঙ্গাইলে চলে এমন একটি বাসের সহকারী। দিনে দুবার চলাচল করলে দিনে ৫০০-এর মতো আয় হয়। দুজনে বাসেই থাকেন। এই বাসস্ট্যান্ডের বাথরুমে গোসল সারেন, প্রাকৃতিক ক্রিয়াকর্ম চলে। কিন্তু সব কিছুর জন্য পয়সা গুনতে হয়। বাসটি ঢাকার, তাই গতকাল একবার মাত্র চলেছে। সবুজ বলছিলেন, ‘হরতাল চললে মালিক এক পয়সাও দ্যায় না। আজকে ভাই-ব্রাদারগো চাইয়্যা দিন চলব।’অসুখের কারণে এমনিতেই যাঁদের জীবন জেরবার, হরতাল তাদের কাছে মড়ার ওপর খাঁড়ার ঘায়ের মতো। ভোর ছয়টায় রায়েরবাজার থেকে স্ত্রীকে সঙ্গে করে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে এসেছিলেন মো. রিয়াজুল হক। দীর্ঘদিন ধরে বুকে ব্যথা প্রায় সত্তরের এই প্রবীণের। খুব সকালে আসার অর্থ হলো, রাস্তার বিপদ কমানো। ডাক্তার সাহেব এসেছেন সকাল নয়টায়। তাঁকে দেখিয়ে বের হতে হতে দুপুর হয়ে গেল রিয়াজুল দম্পতির। তবে বের হওয়ার পর তাঁদের নতুন ভয়, গন্তব্যে ঠিকমতো পৌঁছাতে পারবেন তো!রাজধানীর বাসিন্দা রিয়াজুল হকের যাত্রাপথ দীর্ঘ নয়। কিন্তু জামালপুরের মেলান্দহ উপজেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা মো. বকুল মিয়ার জন্য আজ বড় ‘ঝামেলার’ দিন। ছেলে আবু রায়হান আজ ১২ দিন পর বক্ষব্যাধি থেকে ছাড়া পেয়েছেন। দুপুর গড়িয়ে গেছে। যাবেন বিমানবন্দর স্টেশনে। হরতালের দিন, ট্রেনে ওঠার জন্য অপেক্ষা করে আছে ছোট একটি যুদ্ধ। এই অসুস্থ ছেলেকে নিয়ে, সঙ্গে থাকা বিছানা-বালিশ নিয়ে কীভাবে সেই ঝক্কি সামলাবেন, তা নিয়ে বেশ চিন্তিত বকুল মিয়া। ট্রেন যদি না ধরতে পারেন, আবার ফিরতে হবে। কিন্তু আর তো হাসপাতালে থাকা যাবে না। খুঁজতে হবে সস্তা কোনো হোটেল। ছেলের অসুস্থতায় এমনিতেই নাকাল এই খুদে ব্যবসায়ীর জন্য তা বড্ড ঝামেলারই বটে।