হরতালে দোকান ও বিপণিবিতান খোলা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্তে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করে রাজধানীসহ সারা দেশে গতকাল সোমবার দোকানপাট খোলা রেখেছেন দোকান মালিকেরা। রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে বেশির ভাগ দোকান খোলা রাখার চিত্রই চোখে পড়েছে।বনশ্রী, মধ্য বাড্ডা, বাড্ডা-গুলশান লিংক রোড, গুলশান, মহাখালী, ফার্মগেট, মিরপুর এলাকার বেশির ভাগ দোকানই খোলা দেখা গেছে। এমনকি বিপণিবিতানগুলোও খোলা রাখা হয়েছে। মুদি দোকান থেকে শুরু করে স্বর্ণালংকারের দোকানও খোলা ছিল। বাদ যায়নি হার্ডওয়্যারের দোকানও। তবে মধ্য বাড্ডা ও গুলশানে কিছু দোকান বন্ধও দেখা যায়।মেয়েদের ব্যাগ থেকে শুরু করে স্বর্ণালংকারও বিক্রি হয় গুলশান-১-এর জব্বার টাওয়ারের সেলিব্রেশনস দোকানে। দোকানের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) মো. আল ইমরান প্রথম আলোকে বলেন, ‘এমনিতে হরতালের সময় অবস্থা বুঝে দুপুর ১২টা, কোনো কোনো সময় বেলা তিনটা পর্যন্ত মার্কেট বন্ধ থাকে। কিন্তু আজ (সোমবার) সকাল ১০টা থেকে মার্কেট খোলা।’আল ইমরান জানান, হরতাল ঘোষণার পর মার্কেট কর্তৃপক্ষ সোমবার বিকেল চারটা পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বাংলাদেশ দোকান মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবং জামায়াতের হরতাল সর্বস্তরের মানুষ প্রতিহত করবে ভেবে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী সকালেই মার্কেটের প্রায় সব দোকান খোলা হয়েছে।শেওড়াপাড়া, কাজীপাড়ার আসবাবের দোকান, মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যারের দোকান, মিরপুর ২ নম্বর এলাকা ও স্টেডিয়ামের সামনের কাপড়ের দোকানগুলো খোলা ছিল। মিরপুর ১ নম্বর এলাকায় চশমার দোকানসহ প্রায় সব দোকানই ছিল খোলা।