হরতালে নেতা-কর্মীদের ওপর হামলায় নিন্দা ও উদ্বেগ
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের ডাকা হরতাল সফল হয়েছে বলে মন্তব্য করেছে বিভিন্ন সংগঠন। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলারও নিন্দা করেছে সংগঠনগুলো। অন্যদিকে কয়েকটি সংগঠন হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে। সংগঠনগুলো গতকাল এ বিষয়ে পৃথক বিবৃতি দিয়েছে।গতকাল বিকেলে লালবাগে দলের কার্যালয়ে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী হরতালে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানান। তিনি বলেন, এ সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন। তাই তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। সরকারের পতন ছাড়া দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসা সম্ভব নয়।খেলাফত মজলিশ বিবৃতিতে বলেছে, রাজনৈতিক কর্মসূচিতে পুলিশি নির্যাতনের মাধ্যমে সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সরকার যেভাবে বিরোধী মতকে দমন করতে পুলিশি হামলা-নির্যাতন, মামলা ও ভ্রাম্যমাণ আদালতে বিচার করছে, তাতে মনে হয় সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। গণ-আন্দোলনে পুলিশি আন্দোলন বন্ধের দাবি জানান তিনি।হরতালের সমর্থনে গতকাল বিক্ষোভ মিছিল বের করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ লেবার পার্টি। এ ছাড়া বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) হরতাল চলাকালে পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয়। এদিকে ঢাকা, সিলেট, শেরপুর, কাদিরগঞ্জ বাজারে হরতালের বিরুদ্ধে গতকাল গণমিছিল বের করে বাংলাদেশ জালালী পার্টি।আসকের উদ্বেগ: হরতালে ভ্রাম্যমাণ আদালত ব্যবহার ও বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিনের ওপর পুলিশি হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক বিচারের ক্ষেত্রে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ব্যাহত হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি আইনশৃঙ্খলা বিঘ্নকারী, না কি পথচারী, তা-ও নির্ণয় করার সুযোগ থাকে না।বিবৃতিতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের ব্যবহার স্বাভাবিক বিচারপ্রক্রিয়াকে ব্যাহত করে। এর ফলে মানুষের হয়রানির শিকার হওয়ার আশঙ্কা বেশি। বাস চলাচল করায় অভিনন্দন: হরতাল উপেক্ষা করে ঢাকায়, শহরতলি ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল করায় মালিক-শ্রমিকদের অভিনন্দন জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন সমিতি। এক বিবৃতিতে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ দাবি করেন, হরতাল চলাকালে বিভিন্ন রুটের ১২-১৪টি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। তিনি বলেন, যাত্রী না থাকায় দূরপাল্লায় তেমন গাড়ি চলেনি। আজ বৃহস্পতিবারও গাড়ি চলাচল অব্যাহত রাখতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।