ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ
হরতালে পাশাপাশি তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে তিন রকম চিত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা মেডিকেল কলেজ। দেশের সেরা এই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবস্থান খুবই কাছাকাছি। তবে হরতালে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন রকম পরিবেশ বিরাজ করে।গতকাল সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঘুরে দেখা যায়, হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হয় না। তবে পূর্বনির্ধারিত সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা অংশ নেন। বুয়েটে ক্লাস-পরীক্ষা কোনোটাই হয় না। তবে ঢাকা মেডিকেল কলেজের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেখানে ক্লাস-পরীক্ষা দুটিই অনুষ্ঠিত হয়। একাডেমিক কাজে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণও থাকে প্রায় শতভাগ।ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়, ক্লাস হয় না: গতকাল সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সাধারণ শিক্ষার্থী নেই বললেই চলে। প্রশাসনিক কাজে আসা আর ছাত্রাবাসে থাকা কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন। টিএসসি, অপরাজেয় বাংলা, রাজু ভাস্কর্য, কার্জন হলসহ অন্য যেসব স্থান শিক্ষার্থীদের আড্ডায় মুখর থাকে, সেগুলো ছিল একেবারেই ফাঁকা।হরতালে ক্লাস নেওয়ার নির্দেশ রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কিন্তু বাস্তবে কোনো ক্লাসই হয়নি। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকেরা না আসায় ক্লাস হয় না। অন্যদিকে শিক্ষকেরা বলছেন, শিক্ষার্থীরা না আসায় ক্লাস হচ্ছে না।অর্থনীতি বিভাগের ছাত্র নাদিম ইসলাম প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষ বলে ক্লাস হবে। ক্লাসরুমও খোলা থাকে। কিন্তু শিক্ষকেরা না আসায় কখনোই ক্লাস হয় না।কলা অনুষদের ডিন সদরুল আমিন প্রথম আলোকে বলেন, হরতালের কারণে শিক্ষকেরাও ঝুঁকি নিয়ে আসতে চান না। আবার শিক্ষার্থীরাও ঝুঁকি নিতে চান না। তাই ক্লাস হয় না। তবে ক্লাস না হলেও হরতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাপনী পরীক্ষা নিয়মিত অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক বলেন, হরতালে পূর্বঘোষিত সব পরীক্ষাই নেওয়া হয়।বুয়েটে ক্লাস-পরীক্ষা কিছুই হয় না: বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, হরতালে বুয়েটে একাডেমিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। ক্লাস বন্ধের ঘোষণা না থাকলেও শিক্ষক ও শিক্ষার্থীরা না আসায় ক্লাস হয় না। হরতালে বুয়েট প্রাঙ্গণে থাকে সুনসান নীরবতা।বুয়েটের রেজিস্ট্রার এ কে এম মাসুদ প্রথম আলোকে বলেন, অধিকাংশ শিক্ষকই আসেন, কিন্তু শিক্ষার্থীরা অনুপস্থিত থাকায় ক্লাস হয় না। তবে প্রশাসনিক কার্যক্রম চলে।ঢাকা মেডিকেল কলেজে ক্লাস-পরীক্ষা: হরতালে ঢাকা মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়। ক্লাসে প্রায় সব শিক্ষার্থী উপস্থিত থাকেন। অধিকাংশ শিক্ষক আসায় পরীক্ষাগুলোও অনুষ্ঠিত হয় নিয়মিত।তৃতীয় বর্ষের ছাত্র ফরহাদ বলেন, মেডিকেলের অধিকাংশ শিক্ষার্থী হলে থাকেন। তাই ক্লাসে আসতে তাঁদের সমস্যা হয় না। এ ছাড়া সেশনজটের প্রতি শিক্ষার্থীদের বিরক্তি জন্ম নেওয়ায় স্বতঃস্ফূর্তভাবেই তাঁরা ক্লাসে অংশ নেন।ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মো. ইসমাইল খান প্রথম আলোকে বলেন, এখন টানা হরতাল পড়ায় শিক্ষার্থীরা নিজেরাই ক্লাসে আসেন। প্রতি ক্লাসেই ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত থাকেন।