হরতালে প্রাণহীন পুরান ঢাকা, ক্ষতির শিকার ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের কারণে অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা পুরান ঢাকার ব্যবসায়ীরা অপেক্ষাকৃত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল সেখানে নিত্যদিনের প্রাণচাঞ্চল্য ছিল না। ছিল না যানবাহন ও লোকজনের ভিড়। পুরান ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রথম আলোকে জানান, মৌলভীবাজার ও চকবাজারসহ আশপাশের এলাকায় প্রতিদিন প্রায় পাঁচ-ছয়শ কোটি টাকার লেনদেন হয়। হরতালের কারণে গতকাল কোনো লেনদেন হয়নি। বাবুবাজারের চাল ব্যবসায়ী আবদুল করিম প্রথম আলোকে বলেন, বাবুবাজার ও বাদামতলীতে চালের দোকান রয়েছে ২০৫টি। এই বাজারে প্রতিদিন ৩০ থেকে ৪০ কোটি টাকার লেনদেন হয়। কিন্তু হরতাল থাকায় গতকাল কোনো লেনদেন হয়নি। হরতাল চলাকালে বাবুবাজার ও বাদামতলীর চালের বাজার, মিটফোর্ড এলাকার ওষুধ,৭ কেমিকেল সামগ্রী ও পারফিউমের দোকান; নয়াবাজার ও জিন্দাবাহারের কাগজের দোকান, ইসলামপুরের কাপড়ের দোকান, নয়াবাজারের ঢেউটিনের দোকান, ইংলিশ রোড ও সৈয়দ নজরুল ইসলাম সরণির রড ও আয়রন মার্কেট, বংশালের মোটরযানের যন্ত্রাংশের মার্কেট, মৌলভীবাজারের ভোজ্যতেল, চিনি, আটা-ময়দার দোকান, চকবাজার ও চক মোগলটুলীর মনোহরীর দোকান, সদরঘাট মার্কেটসহ আশপাশের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।