হরতালে বাস ট্রেন ও লঞ্চ চলাচল ছিল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা গতকাল সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল মানেননি অনেক পরিবহন মালিক। রাজধানী ঢাকায় প্রচুর বেসরকারি বাস-মিনিবাসের পাশাপাশি সরকারের মালিকানাধীন বিআরটিসির বাসও চলেছে। দুপুরের পর অনেক ব্যক্তিগত গাড়িও রাস্তায় নামে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস চলেনি।সরেজমিনে দেখা গেছে, সকালে রাজধানীতে বাস-মিনিবাস চলাচল কিছু কম ছিল। তবে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশার আধিক্য ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহন চলাচলও বেড়েছে। দুপুরের পর ব্যক্তিগত গাড়িও নেমে যায়। বেলা ১১টার দিকে কাজীপাড়ায় কথা হয় বিকল্প অটো সার্ভিসের চালক মহসিন মিয়ার সঙ্গে। তিনি বলেন, হরতাল কতটা হবে তা আগের দিন সন্ধ্যার পরই বোঝা যায়। গত রোববার সন্ধ্যার পর গাড়ি পোড়ানোর ঘটনা না ঘটায় গতকাল অনেকটা নিশ্চিন্ত হয়ে তিনি রাস্তায় নামেন।এদিকে ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক খোন্দকার এনায়েত উল্যাহ এক বিবৃতিতে রাজধানী ও এর আশপাশে বাস চালানোয় মালিকদের ধন্যবাদ জানিয়েছেন।তবে বাস মালিক সমিতি সারা দেশে বাস চালানোর ঘোষণা দিলেও রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে আশপাশের গন্তব্যে কিছু বাস চলাচল করে। বিকেলের পর থেকে দূরপাল্লার কিছু কিছু বাস চলাচল শুরু হয়। একজন বাসমালিক নাম না প্রকাশ করার শর্তে বলেন, রাজধানীতে বাস চালানো গেলেও ২০০ থেকে ৪০০ কিলোমিটার পথের নিরাপত্তা দেবে কে? দূরপাল্লার একেকটি বাসের মূল্য এক কোটি টাকা বা তারও বেশি। তাই কেউ ঝুঁকি নিতে চাননি।ঢাকা নদীবন্দর সূত্র জানায়, বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৬৮টি লঞ্চ চলাচল করে। এর মধ্যে সদরঘাট থেকে ছেড়ে যায় ২১টি লঞ্চ। বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, চাঁদপুরসহ বিভিন্ন স্থান থেকে সদরঘাটে এসেছে ৪৭টি লঞ্চ। অন্য হরতালের তুলনায় গতকাল যাত্রীও ছিল বেশি।ঢাকা নদীবন্দরের উপপরিচালক সাইফুল হক খান বলেন, লঞ্চ চলাচল স্বাভাবিকই ছিল।বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে এবং বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় ৭২টি আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল করে। মেঘনা ও মেঘনা-গোমতী সেতু মেরামতের কারণে ঢাকা-চট্টগ্রাম পথের ট্রেনগুলোতে প্রচুর যাত্রী ছিল।রেলের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক সরদার সাহাদাত আলী বলেন, কোথাও ট্রেন চলাচল বাধাপ্রাপ্ত হয়নি।