হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে ওসিদের তৈরি থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুন বিরোধী দলের ডাকা হরতাল কর্মসূচি পালনকালে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। হরতাল চলাকালে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকার সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। একই সঙ্গে ঢাকার সব সাংসদের কাছ থেকেও এ ব্যাপারে সহযোগিতা চেয়েছেন তিনি। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগরের সাংসদ, স্বরাষ্ট্রসচিব, ঢাকার জেলা প্রশাসক, র‌্যাব ও পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা এবং ৪১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রায় তিন ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিরোধী দল কোনো ইস্যু ছাড়াই হরতাল ডেকে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে। তাদের এসব কর্মসূচি সফল করতে জামায়াত সহায়তা করছে। কিন্তু যত চেষ্টাই করা হোক, হরতালের নামে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিরোধীদলীয় নেত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হুমকি দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সঠিকভাবে দায়িত্ব পালন না করে, এ জন্য তিনি ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছেন; যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল দেশকে অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে এ হরতাল ডেকেছে। হরতালের আগে কোনো অভিযান চালানো হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান প্রক্রিয়ায় কাজ করা হবে। তবে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না।স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী হরতাল মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি সাংসদেরও সতর্ক থাকার পরামর্শ দেন। বৈঠকে হরতাল প্রসঙ্গ ছাড়াও জঙ্গি প্রতিরোধ, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও জমি দখলসংক্রান্ত সৃষ্ট সমস্যা নিয়েও আলোচনা হয়।