হরতালে বেচাবিক্রি খুব কম ক্ষুদ্র ব্যবসায়ীদের
আদাবর শনিরবিল এলাকার মো. লাল মিয়া গরুর দুধের চা বিক্রি করেন। মজা করে চা তৈরি করেন বলে বিক্রিও ভালো। গতকাল সোমবার বেলা তিনটার দিকে তাঁর দোকানে মাত্র দু-তিনজনকে পাওয়া গেল। লাল মিয়া জানান, হরতালে বেচাবিক্রি খুব খারাপ।কলেজগেটের ফল বিক্রেতা নজরুল ইসলাম, মোহাম্মদপুরের মাছ ব্যবসায়ী উজ্জ্বল বেপারী ও সিএনজিচালক সাইদুল মিয়াও হরতালে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।লাল মিয়া বলেন, ‘আমি প্রতিদিন দুধ কিনতে টেম্পুতে চইড়া গাবতলী থাইক্যা আমিনবাজার যাই। সকালবেলা ঘুম থাইক্যা উইঠাই টেম্পুর জন্য দাঁড়াইয়া ছিলাম। গাড়ি-ঘোড়া নাই। বহুতক্ষণ পর একটা টেম্পু পাইলাম। ড্রাইভার কইল, “যাত্রী কম, তিন ট্যাকা দিলে হইব না, পাঁচ ট্যাকা দাও।” ফিরনের সময় আরও একবার দাঁড়াইয়া থাকতে হইল।’বেচাবিক্রি ঠিকঠাকমতো হলে এই কষ্টটুকু তাঁর সয়ে যেত বলে জানান লাল মিয়া। কিন্তু গড়ে প্রতিদিন এক হাজার ৮০০ থেকে দুই হাজার টাকার বিক্রি হলেও হরতালে এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকার বেশি বিক্রি হয়নি। বিস্কুটের গাড়ি এলেও চানাচুরের গাড়ি আসতে পারেনি।কলেজগেটের ফল বিক্রেতা নজরুল ইসলাম দেশি ফল বিক্রি করেন। গতকাল অল্প কিছু ফল নিয়ে বসেছিলেন। ক্রেতা কম। গরমে জাম, আনারস, লটকনের মতো ফল নষ্ট হয়ে যাবে—এ আশঙ্কায় অল্প ফল নিয়ে বসেছিলেন। বেচাবিক্রি কেমন জানতে চাইলে রাগতস্বরে বললেন, ‘হরতাল না? ভালো তো! লোকজন নাই। গ্যাঞ্জাম নাই। খালি আমাগো ক্ষতি। বেচতে পারতাছি না। আরও সাত দিন হরতাল হইলে কেউ আর মানত না। মানুষও আসব, আমরাও জিনিস বিক্রি করুম।’মাছ ব্যবসায়ীরাও গতকাল বিপাকে পড়েন। মোহাম্মদপুরের একটি বাজারের মাছ বিক্রেতা উজ্জ্বল বেপারী জানান, তাঁরা সোয়ারীঘাট থেকে মাছ নিয়ে আসেন। কিন্তু হরতালে যথেষ্ট মাছ পাওয়া যায়নি। ক্ষতি পুষিয়ে নিতে তাঁরা ক্রেতার কাছ থেকে টাকা উশুল করেছেন। উজ্জ্বল জানান, ঘাট থেকে মাছ কিনতে খরচ বেশি পড়েছে বলে তাঁরা দাম বাড়িয়ে বিক্রি করছেন। মৃগেল মাছ ৮০ টাকা কেজি দরে বিক্রি করলেও গতকাল বিক্রি করেন ১১০ টাকায়।অসন্তুষ্ট সিএনজিচালকেরাও। সাইদুল মিয়া নামের এক সিএনজিচালক জানান, হরতালে তাঁরা রোজগার বেশি করতে পেরেছেন। তবে সারাক্ষণই ভয়ের মধ্যে ছিলেন, কেউ যদি গাড়ি পুড়িয়ে দেয়। প্রতিবারই হরতালের সময় গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে। গাড়ি বের না করলে পেট চলে না, বের করলে পোড়ার ভয়।তবে কোনো কোনো রিকশাচালক খুশি। ধানমন্ডি এলাকায় এক রিকশাচালক মো. ওয়াসিম বলেন, ‘অনেক রাস্তা আছে, যেগুলা দিয়া অন্য সময় যাওন যায় না। কিন্তু হরতালের দিন তো রিকশা ছাড়া গতি নাই।’