হরতালে মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুরে রেহানা বেগমের বাড়ি। অসুস্থ মেয়ে লিজাকে নিয়ে মহাখালীর কলেরা হাসপাতালে ছিলেন এক মাস। গতকাল বৃহস্পতিবার সকালেই বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন চিকিৎসক। মহাখালী বাস টার্মিনালে এসে দেখেন হরতালের কারণে বাস চলাচল বন্ধ।সেখানে গিয়ে দেখা গেল, অসুস্থ মেয়েকে টার্মিনালের মেঝেতে বস্তা বিছিয়ে শুইয়ে পাখা দিয়ে বাতাস করছেন। হরতাল শেষ হলে বাস চলবে, তবেই বাড়ি ফেরা। রেহানা বেগম বললেন, ‘হ্যারা হরতাল করে আর আমরার বিপদ হয়। মাইয়্যাটারে নিয়া অখন কই যাই? এইহানেই ঘুম পারায় দিছি। বাস চইল্যেই বাড়ি যাইবাম।’গতকাল বৃহস্পতিবার ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে যাত্রীদের সকাল থেকেই বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। এ সময় এই এলাকাগুলোতে সেই পরিচিত কর্মব্যস্ততা চোখে পড়েনি। পরিবহন শ্রমিকদের সময় কাটছে গল্প করে। বাস না চললেও অনেক এলাকার যাত্রীরা প্রয়োজনীয় কাজে ঢাকায় আসতে বা ঢাকার বাইরে যেতে সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করেছেন। তবে ভাড়া অনেক বেশি।দীন ইসলাম ডায়রিয়া আক্রান্ত শিশুকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে এসেছেন মহাখালীর আইসিডিডিআরবিতে। তিনি বলেন, ‘বাস পাওয়া যায় না, এক বছর তিন মাসের বাচ্চাটার অবস্থাও ভালো না, তাই বাধ্য হয়ে সিএনজিতে ডাবল ভাড়া দিয়া আসলাম।’ একই অবস্থা ছিল ঢাকা মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল (পিজি) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আসা রোগীদের।চাকরিজীবীরাও একইভাবে পৌঁছেছেন তাঁদের কর্মস্থলে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ইমদাদুল হক জানান, তাঁর কর্মস্থল মতিঝিল। বাস না চলার কারণে শ্যামলী থেকে রিকশায় করে বেশি ভাড়ায় যাচ্ছেন তিনি।হরতালের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুরেরা। কোথাও কাজ না পেয়ে অনেকে ফিরে গেছেন। নীলক্ষেত মোড়ে কাজের জন্য অপেক্ষমাণ কাঠমিস্ত্রি চান মিয়া জানান, তাঁরা বিভিন্ন আসবাবপত্রের দোকানে দিন হাজিরায় কাজ করেন। হরতালে দোকান বন্ধ, তাই হাতে কাজও নেই। তার পরও কাজের আশায় বসে আছেন তিনি। অনেক শ্রমিক জানান, গত মাসেও টানা হরতালের কারণে তাঁদের বিশাল ক্ষতি হয়েছে। কাজের অভাবে শ্রমজীবী মানুষকে বাংলামোটর, মহাখালী, কল্যাণপুর, মালিবাগ মোড়সহ বিভিন্ন স্থানে কাজের সরঞ্জাম নিয়ে হাত গুটিয়ে বসে থাকতে দেখা গেছে।গাবতলীর খাবারের দোকানদার জাকির হোসেন বলেন, ‘হরতালের কারণে বেচাকেনা নাই, খালি চা-পান বেচছি কয়েকটা। বাসের স্টাফরা কিনছে, ক্রেতা নাই। হরতাল আইলেই লস।’বাস টার্মিনালগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলের পর থেকে বেশ কিছু পরিবহন টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যেতে থাকে। এই সময়ে লোকজনের ভিড় ছিল সবচেয়ে বেশি। টিকিট পেতেও এ সময় অনেককে দুর্ভোগ পোহাতে হয়েছে।