হরতালেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল
ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা হরতালের মধ্যেও গতকাল রোববার রাজধানীসহ দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছিল। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। তাদের নিয়েই ক্লাস হয়েছে। আবার কোনো কোনো প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্লাস হয়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে। মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ৫০ শতাংশের মতো শিক্ষার্থীর উপস্থিতি ছিল। তাদের নিয়েই ক্লাস হয়েছে।মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম বলেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) কেন্দ্র থাকায় এখন ক্লাস হচ্ছে না। তবে শিক্ষকেরা গতকালও উপস্থিত হয়ে হাজিরা দিয়েছেন।মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান আলী বলেন, তাঁদের বিদ্যালয় খোলা ছিল। শিক্ষকেরা উপস্থিত ছিলেন। তবে এসএসসির কেন্দ্র থাকায় ক্লাস হয়নি, প্রশাসনিক অন্যান্য কাজকর্ম হয়েছে। রাজধানীর আরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার তথ্য পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও খোলা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাগুলো স্বাভাবিকভাবে হয়েছে। তবে শিক্ষকেরা অনুপস্থিত থাকায় কিছু বিভাগে ক্লাস হয়নি, কিছু বিভাগে ক্লাস হয়েছে। ঢাকার বাইরের অনেক স্থান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার খবর পাঠিয়েছেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা।