বিকট শব্দ। আতঙ্ক। ফলাফল —দৌড়াদৌড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সোমবার সন্ধ্যায় কয়েকটি স্থানে বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্কিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা। বিস্ফোরিত বস্তুকে তাঁরা ককটেল বলে দাবি করলেও পুলিশ তা নাকচ করে দিয়েছে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা জায়নি। তবে হরতালের আগের রাতে এমন বিস্ফোরণে শিক্ষার্থীরা ছিলেন আতঙ্কিত।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যা ছয়টায় টিএসসিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে পাঁচটি, সোয়া ছয়টায় উপাচার্যের বাসভবনের সামনে একটি ও শাহবাগ মোড়ে দুটি বিস্ফোরণের শব্দ শোনা জায়। এ সময় সন্ধ্যায় আড্ডারত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককেই দৌড়ে নিরাপদ স্থান খুঁজতে দেখা যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, কয়েকটি স্থানে পটকা ফোটায় শিক্ষার্থীরা ভয় পেয়েছেন। তিনি বলেন, ‘ককটেলের বিস্ফোরণ হলে আমরা এর আলামত পেতাম। অথবা এখানে কেউ হতাহত হতে পারত। আর কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তাও জানা যায়নি।’