হরতালের ক্ষতি পোষাতে ঈদ পর্যন্ত সাপ্তাহিক ছুটি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দোকান মালিক সমিতি বলেছে, ঈদ পর্যন্ত দেশের কোনো বাজারে সাপ্তাহিক ছুটি থাকবে না। সমিতির নেতারা দোকান খোলা রাখার সরকারি সময়সীমাও শিথিল করার দাবি জানিয়েছেন।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির নেতারা এসব কথা জানান। ব্যবসায়ীরা বলেন, হরতালের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য বুধবার থেকে ১০ রোজা পর্যন্ত রাত নয়টা অবধি দোকান খোলা রাখার সুযোগ দিতে হবে। আর ১০ রমজান থেকে ঈদ পর্যন্ত যতক্ষণ বাজারে ক্রেতা থাকবে, ততক্ষণ দোকান খোলা রাখতে চান তাঁরা।৬ ও ৭ জুলাই বিএনপি এবং ১০ ও ১১ জুলাই ইসলামি দলগুলো হরতাল ডাকে। এর সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে সারা দেশে টানা সাত দিনের জন্য ব্যবসায়িক কার্যক্রম কার্যত বন্ধ ছিল।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এক দিনের হরতালে সারা দেশের দোকানমালিকদের কর্মচারীর বেতন, দোকানভাড়া, ব্যাংকের সুদ বাবদ প্রায় ৪০০ কোটি টাকার ক্ষতি হয়। এ জন্য আসন্ন রমজান মাসে হরতালের কর্মসূচি না দেওয়ার জন্য বিরোধী দলগুলোর প্রতি অনুরোধ জানান তাঁরা।নেতারা বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দোকানে সিএফএল বাতি লাগানো হবে। দোকানে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না। সন্ধ্যায় তারাবির নামাজের সময় পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র বন্ধ থাকবে।সর্বশেষ হরতালের কারণে দোকানমালিকেরা আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পর্যাপ্ত পণ্য সংগ্রহ করতে পারেননি বলে জানান নেতারা। তাঁরা বলেন, ক্ষতি পুষিয়ে নিতে দোকানমালিকদের অতিরিক্ত সময় ব্যবসা করার সুযোগ দিতে হবে।হরতালের বিকল্প রাজনৈতিক কর্মসূচি উদ্ভাবনের আহ্বান জানিয়ে নেতারা বলেন, ‘১৯৯৪ সাল থেকে এ বিষয়ে দোকান মালিক সমিতি দলগুলোকে অনুরোধ জানাচ্ছে। এ জন্য আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বামপন্থী দলগুলোসহ প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি।’বিএনপির ১৩ জুলাইয়ের গণ-অনশন কর্মসূচিকে স্বাগত জানিয়ে দোকানমালিকেরা বলেন, এ ধরনের কর্মসূচি হরতালের বিকল্প হতে পারে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান, কোষাধ্যক্ষ মোতাহার হোসেন প্রমুখ।