হরতালের দিন ফল ব্যবসায় ক্ষতি ১৫ কোটি টাকা
হরতালে প্রতিদিন ফল ব্যবসায়ীদের প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হচ্ছে। হরতালের কারণে তাঁদের আমদানি করা আপেল, আঙুর, কমলা, বেদানা, আমসহ বিভিন্ন ধরনের ফলের ট্রাক সীমান্তে আটকা পড়ে থাকছে। ঢাকা মহানগর ফল আমদানি ও রপ্তানিকারক সমবায় সমিতি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।ফল ব্যবসায়ীরা বলছেন, সীমান্ত থেকে আড়ত পর্যন্ত মালামাল আনা গেলেও বিক্রি হচ্ছে কম। কিছু ফল বিক্রি করা গেলেও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত মূল্য। পচনশীল হওয়ার কারণে ফলমূল কাঙ্ক্ষিত মূল্যে বিক্রির আশায় মজুত করে রাখারও উপায় নেই।গতকাল মঙ্গলবার হরতালের দ্বিতীয় দিন বেলা ১১টার দিকে পুরান ঢাকার বাদামতলীর ফলের আড়তগুলোতে সরেজমিনে দেখা গেছে, ছোট-বড় আমদানিকারক ও খুচরা ফল ব্যবসায়ী তাঁদের মালামালের পসরা সাজিয়ে বসে আছেন। কিন্তু ক্রেতা নেই। মেসার্স এম এম এন্টারপ্রাইজের ব্যবস্থাপক রঞ্জন সাহা জানান, গত রোববার আমদানি করা তিন শ কার্টন (পেটি) আপেল ট্রাকেই রয়ে গেছে। ক্রেতা না থাকায় ট্রাক থেকে মাল নামানোই হয়নি। এরই মধ্যে কার্টনপ্রতি দুই শ টাকা দাম কমেছে। তিনি আক্ষেপ করে বলেন, ‘হরতালের কারণে একদিকে মালের দাম কমে, অন্যদিকে বিক্রি করা যায় না বলে পচন ধরে নষ্টও হয়। এ অবস্থা চলতে থাকলে ব্যবসা করে খাওয়া লাগবে না।’মাত্র দুই দিন আগে প্রতি কার্টন আপেলের দাম ছিল দুই হাজার ২০০ টাকা। মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ সুমন হরতালের কারণে ৪০০-৫০০ টাকা কমে প্রতি কার্টন বিক্রি করার কথা জানালেন। গত দুই দিনের হরতালে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় তিন লাখ টাকা ক্ষতি হয়েছে।খুচরা ফলবিক্রেতা আনোয়ার হোসেন বলেন, ‘দুই কার্টন আঙুর কিনেছিলাম তিন হাজার ৬০০ টাকায়। গত সোমবার এক পেটি আঙুর বিক্রি করেছি দেড় হাজার টাকায়। লোকসান হয়েছে তিন শ টাকা। আজও (গতকাল মঙ্গলবার) লোকসান হয়েছে পাঁচ শ টাকা। পচে যাওয়ায় পাঁচ কেজি আঙুর নদীতে ফেলে দিতে বাধ্য হয়েছি।’ প্রতি কার্টন কমলা দুই হাজার ১০০ টাকা দিয়ে কিনেছিলেন খুচরা ফল ব্যবসায়ী মালেক হাওলাদার। হরতালের কারণে দুই দিন ধরে এক হাজার ৯০০ থেকে এক হাজার ৮০০ টাকায় বিক্রি করেছেন। মাল বিক্রি হোক আর না হোক, তাঁকে ঘর ভাড়া দিতে হচ্ছে প্রতি মাসে ৩০ হাজার টাকা। তারপর শ্রমিকের বেতনসহ প্রতিদিন প্রায় তিন হাজার টাকা খরচ করেন তিনি। ওই ব্যবসায়ী জানালেন, ‘আমরা মানুষ মারার হরতাল চাই না। আমাদের মতো নিরীহ মানুষ শান্তিতে ব্যবসা-বাণিজ্য করে টিকে থাকতে চাই।’ ঢাকা মহানগর ফল আমদানি ও রপ্তানিকারক সমবায় সমিতির অধীনে আমদানি ও রপ্তানি করেন, এমন ফল ব্যবসায়ী রয়েছেন শ পাঁচেক। সব মিলিয়ে ছোট-বড় ফল ব্যবসায়ী ও দোকান রয়েছে এক হাজার ২০০। হরতালের কারণে দুই দিন ধরে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। মালামাল বেচাকেনা হচ্ছে না। সমিতির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, এতে প্রতিদিন প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হচ্ছে। তিনি আরও বলেন, দেশের স্বার্থের কথা সরকার ও বিরোধী দল—উভয়েরই ভাবা উচিত।