হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকায় গতকাল মঙ্গলবার হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল-সমাবেশ হয়েছে। বিরোধী দল বিএনপি ও এর সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল শহরের বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল-সমাবেশ করে।তেজগাঁও, ফার্মগেট, কাপ্তানবাজার, নবাবপুর রোড, সদরঘাট এলাকায় মিছিল ও সমাবেশ করে যুবদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় ছাত্রদল মিছিল করেছে। অন্যদিকে, আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল-সমাবেশ না করার সিদ্ধান্ত থাকলেও রাজধানীর হাজারীবাগ এলাকায় ৫৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ মিছিল ও সমাবেশ করেছে। এরা সাবেক সাংসদ হাজী সেলিমের অনুসারী বলে জানা গেছে। তা ছাড়া আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ বঙ্গবন্ধু এভিনিউ, লালবাগ, মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় খণ্ড মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে। আওয়ামী লীগ সমর্থিত কিছু সংগঠনও হরতালের বিরুদ্ধে মিছিল করে। তবে দুপুরের পর আর হরতালের পক্ষের মিছিলকারীদের দেখা যায়নি। হরতালের পক্ষের মিছিলকারীদের দেখলেই পুলিশ ধাওয়া করেছে। বিএনপির বাইরে জামায়াতে ইসলামী রাজধানীর মতিঝিল, মিরপুর, যাত্রাবাড়ী, মালিবাগ, শাহজাহানপুর এলাকায় হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করে। জামায়াতের সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা গ্যাস, বিদ্যুৎ, পানি কিছুই দিতে পারে না। তাই নৈতিকভাবেই তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা পুরানা পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করে। অন্যদিকে, হরতালবিরোধীরা মিছিল শেষে সমাবেশে হরতালকে অযৌক্তিক আখ্যায়িত করে বলেন, জনগণের দাবি আদায় নয়, ব্যক্তি স্বার্থে এ হরতাল ডাকা হয়েছে। আর অযৌক্তিক হরতাল দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। বক্তারা বলেন, জনগণকে জিম্মি করে বিএনপি রাজনীতি করতে চায়। বিএনপির এই ষড়যন্ত্রের রাজনীতি মোকাবিলা করা হবে। বঙ্গবন্ধু এভিনিউতে ছাত্রলীগের সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সভাপতি আনিসুর রহমান। সমাবেশে ছাত্রলীগের সাবেক নেতা সাইফুজ্জামান শিখর, গোলাম সরওয়ার কবির, ইলিয়াসউজ্জামান প্রমুখ বক্তব্য দেন। সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার আদায় নয়, একজনের বাড়ি অবৈধভাবে রক্ষার স্বার্থে এ হরতাল ডাকা হয়েছে।জাগপা পুরানা পল্টন এলাকায় হরতালের সমর্থনে এক সমাবেশের আয়োজন করে। দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, এ হরতালের মাধ্যমে জনগণ শেখ হাসিনাকে গদি ছাড়ার নোটিশ দিয়েছে।