হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি ও জামায়াতের ডাকা আজ রোববারের হরতালের পক্ষে-বিপক্ষে রাজধানীতে নানা কর্মসূচি পালনের খবর ও প্রতিক্রিয়া পাওয়া গেছে। বিএনপি ও সমমনা দলগুলো হরতালের সমর্থনে সভা-সমাবেশ করেছে। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন হরতালের বিপক্ষে কর্মসূচি পালন করেছে এবং হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে।জাতীয়তাবাদী যুবদল অভিযোগ করেছে, হরতাল উপলক্ষে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাসায় গতকাল শনিবার পুলিশ তল্লাশি চালিয়েছে। এ সময় সংগঠনের অনেক নেতাকে আটক এবং অনেককে মারধর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হরতাল সফল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি গতকাল শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভার আয়োজন করে। হরতাল সফল করতে যৌথসভা করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টিও (ন্যাপ ভাসানী)। হরতালের সমর্থনে জাতীয় গণতান্ত্রিক পার্টি গতকাল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মিছিল করে। পল্টনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে হরতাল সফল করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এ ছাড়া বাংলাদেশ যুব ন্যাপ ও বাংলাদেশ কৃষক ন্যাপ হরতালের সমর্থনে বিবৃতি দিয়েছে। এদিকে আজকের ঘোষিত হরতালের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে সংগঠনের কার্যালয়ে আওয়ামী যুবলীগ গতকাল জরুরি সভা করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি এ হরতাল ডেকেছে। গণতন্ত্র ও আইনের শাসন চায় না বলেই তারা হরতাল দিয়েছে। হরতাল প্রত্যাহারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সভা করে আওয়ামী ওলামা লীগ। হরতালের বিপক্ষে বিবৃতি দিয়েছে জাতীয় শ্রমিক লীগ। ঢাকা সড়ক পরিবহন সমিতি হরতালের মধ্যেও রাজধানী ও এর আশপাশে বাস চালানোর ঘোষণা দিয়েছে। গতকাল রাজউক এভিনিউয়ে সমিতির এক জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়। জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ হরতালে রিকশা-ভ্যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।