আজ মঙ্গলবারের হরতালের প্রতিবাদে গতকাল সোমবার মানববন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। অনেক সংগঠন বিবৃতি দিয়ে হরতাল প্রত্যাখ্যান করেছে। এসব সংগঠনের নেতারা হরতালকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা না মানার আহ্বান জানিয়েছেন।পুরান ঢাকার চকবাজারে আওয়ামী যুবলীগের এক সমাবেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক হরতালের মতো নেতিবাচক কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি ব্যক্তি স্বার্থে হরতাল দিয়ে জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে। তিনি জনগণকে হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং দোকানপাট খোলা রাখার আহ্বান জানান। সমাবেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোস্তফা জালাল মহীউদ্দীন প্রমুখ বক্তব্য দেন। ঢাকা জেলা সড়ক পরিবহন সমবায় শ্রমিক ইউনিয়ন ফুলবাড়িয়ায় সংগঠনের কার্যালয়ে বৈঠক করে হরতালে বাস চালানোর ঘোষণা দেয়। সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফুলবাড়িয়া থেকে ৩৫টি রুটে চলাচলকারী বাসের মালিক-শ্রমিকেরা হরতালে বাস চালাবে। বাংলাদেশ রিকশা-ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ হরতালের প্রতিবাদে গতকাল সকালে মুক্তাঙ্গনে সমাবেশ করে। সমাবেশে সংগ্রাম পরিষদের নেতারা হরতালে রিকশা-ভ্যান চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানান। ঢাকা মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগও হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ মতিঝিলের ওয়াপদা ভবনে হরতালের প্রতিবাদে সমাবেশ করেছে। সমাবেশে বলা হয়, হরতালের বিরুদ্ধে প্রয়োজনে বিদ্যুৎ শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন ও সংগ্রাম করবে। জাতীয় ঘাট শ্রমিক লীগ বঙ্গবন্ধু এভিনিউ থেকে হরতাল বিরোধী মিছিল করে। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বাংলাদেশ হকার্স লীগ হরতালের বিরুদ্ধে হকাস সমাবেশ করে। সমাবেশ থেকে হরতাল প্রত্যাখ্যান করে হকার ও ব্যবসায়ীদের প্রতি দোকানপাট খোলা রাখার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসে হরতালের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে। প্লাস্টিক অ্যান্ড রাবার সু মার্চেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এক বিবৃতিতে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সংগঠনটি হরতালের বিকল্প কর্মসূচি বের করার জনও বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছে। হরতালের প্রতিবাদে যেসব সংগঠন বিবৃতি দিয়েছে সেগুলো হচ্ছে: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট ও ইসলামী ছাত্রসেনা। এসব সংগঠন বিবৃতিতে বলেছে, বিরোধী দল জনগণের কোনো বিষয় নিয়ে হরতাল ডাকেনি। তারা ব্যক্তিগত স্বার্থে হরতাল ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করছে। প্রতিহত করার ঘোষণা ছাত্রলীগের : দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির ডাকা হরতালকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হরতালবিরোধী বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে এ ঘোষণা দেয় তারা। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে দুপুরে মধুর কেন্টিন থেকে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে। ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহফজুল হায়দার চৌধুরী, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শেখ সোহেল রানা, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব ও বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। এ সময় বক্তারা হরতালে যেকোনো সহিংসতা বন্ধে ছাত্রলীগ নেতাদের সক্রিয় ভূমিকা পালন করার নির্দেশ দেন।এদিকে দুপুর চারটায় বিমান বন্দর এলাকায় হরতালবিরোধী বিক্ষোভ মিছিল করে বিমানবন্দর শাখা ছাত্রলীগ।