হরতালের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ
কয়েকটি দল ও সংগঠন গতকাল বুধবার রাজধানীতে হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেছে। সকালে ১৮-দলীয় জোটের ডাকা হরতালের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রমুখ। সমাবেশে বক্তারা দেশ ও গণতন্ত্র রক্ষার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ শ্রমিক-কর্মচারী সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির। নেতারা অবিলম্বে রেলে অগ্নিসংযোগ, ভাঙচুর ও রেললাইন উপড়ে ফেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল হরতালবিরোধী স্লোগান দিয়ে কমলাপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মতিঝিলে বাংলাদেশ বিমান ভবনের সামনে হরতালের প্রতিবাদে সমাবেশ করে জাতীয় শ্রমিক লীগ। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। সমাবেশ শেষে একটি মিছিল মতিঝিলের বিভিন্ন সড়ক ঘুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এসে শেষ হয়।