হরতালের সমর্থনে ছাত্র ইউনিয়নের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরসহ সাম্প্রদায়িক রাজনীতি আইন করে নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে সিপিবি ও বাসদের ডাকা হরতালের সমর্থনে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক জি এম জিলানী। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয়ের ৪২ বছর উদ্যাপনের লগ্নে যুদ্ধাপরাধী-রাজাকারদের চলমান বিচারকার্যকে বাধাগ্রস্ত ও নস্যাৎ করতে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে জামায়াত-শিবির। এর প্রধান শিকার রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তা বাহিনী। অভিযুক্ত রাজাকারদের মুক্তির দাবি এবং আন্তর্জাতিক মানবতাবিরোধী যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবিতে জামায়াত-শিবির বিজয়ের মাসে হরতাল করার স্পর্ধা ও ঔদ্ধত্যও দেখাচ্ছে। তাদের এ ঔদ্ধত্য স্বাধীন বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ। হরতালের সমর্থনে আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাসান তারিক। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ক্যাম্পেইন, আগামীকাল মঙ্গলবার গার্মেন্টসের কর্মীদের হত্যাকাণ্ডের বিচার ও শ্রমিকদের নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে দেশব্যাপী কফিন মিছিল, ১২ ডিসেম্বর জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৩ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে হরতালের ক্যাম্পেইন, ১৪ ডিসেম্বর আলোর মিছিল, ১৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, ১৬ ডিসেম্বর স্মৃতিসৌধ/শহীদ মিনারে রাজাকার-যুদ্ধাপরাধীদের প্রতীকী ফাঁসি কর্মসূচি এবং ১৭ ডিসেম্বর হরতালের প্রচারে মশাল মিছিল।অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় উপস্থিত ছিলেন।