হল থেকে ছাত্রদল কর্মীকে বের করে দিল ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ছাত্রদলের এক কর্মীকে মারধর করে বের করে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহত মুস্তাফিজুর হলের ২১২ নম্বর কক্ষে থাকতেন। তিনি আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ছাত্রলীগের কর্মীদের মারধরে তাঁর ডান হাতের বৃদ্ধাঙুল ভেঙে গেছে। তিনি এখন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন। মুস্তাফিজ প্রথম আলোকে জানান, সকাল আটটায় হল শাখা ছাত্রলীগের সদস্য ও ইসলামের ইতিহাস তৃতীয় বর্ষের ছাত্র ইয়াজ আল রিয়াজসহ চার-পাঁচজন কর্মী তাঁর কক্ষে আসেন। তাঁরা তাঁকে ছাত্রলীগের কর্মসূচিতে যাওয়ার জন্য বলেন। কিন্তু পারিবারিক কারণে কর্মসূচিতে যেতে অপারগতা প্রকাশ করলে রিয়াজ তাঁকে হকিস্টিক দিয়ে মারধর শুরু করেন। এরপর হল থেকে বের করে দেন। রিয়াজ মারধরের বিষয়টি অস্বীকার করেছেন।