দখল হয়ে যাওয়া হল উদ্ধার ও নতুন হল নির্মাণের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। এই দাবিতে সংগঠনটি গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা একটায় প্রগতিশীল ছাত্রজোট ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জোটের নেতারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে হল না থাকায় বিভিন্ন সমস্যায় পড়ছেন শিক্ষার্থীরা। থাকা-খাওয়াসহ নানা সমস্যার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা। সমাবেশে ছাত্রনেতারা হল উদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাঁরা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর ও ছাত্রদের পরিবহন সংকট নিরসনের দাবি জানান। সমাবেশে জোটের নেতা শরীফুল চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।