আবাসনসংকট নিরসনের দাবিতে গতকাল বৃহস্পতিবার সাধারণ ছাত্রদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে পাঁচজন আহত হন। তবে সাধারণ ছাত্রদের এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্র সংগঠনটির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন নেতা।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দুপুর ১২টার দিকে নতুন হল নির্মাণ ও বেদখল হলগুলো উদ্ধারের দাবিতে সাধারণ ছাত্ররা বিক্ষোভ মিছিল বের করেন। বিজ্ঞান অনুষদ চত্বরে জাকির হোসেন নামের একজন জ্যেষ্ঠ নেতার নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী পেছন থেকে মিছিলের ছাত্রদের ওপর হামলা চালান। এতে ওবায়দুল, মহিবুল, মাহবুবসহ পাঁচজন ছাত্র আহত হন। আন্দোলন করার অভিযোগে ছাত্রলীগের নেতা-কর্মীরা তিনজন ছাত্রকে জোর করে প্রক্টর কাজী আসাদুজ্জমানের কার্যালয়ে নিয়ে যান। প্রক্টর ওই তিনজন ছাত্রকে নিজের কার্যালয়ে আটকে রেখে পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করেন। তিনি আন্দোলন করার দায়ে তাঁদের ভর্ৎসনাও করেন। পরে সাংবাদিকদের হস্তক্ষেপে মুচলেকা দিয়ে ছাড়া পান তাঁরা।তবে জিজ্ঞাসা করা হলে প্রক্টর কাজী আসাদুজ্জমান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বড় অঘটন এড়াতেই তিন ছাত্রকে আমার জিম্মায় রেখেছিলাম।’ প্রক্টর দাবি করেন, সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা তাঁর জানা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি নেই। তবে জাকির হোসেন পুরোনো কমিটির সঙ্গে যুক্ত বলে পরিচিত।বেশ কয়েকজন ছাত্র অভিযোগ করেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে নামলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগ ও পুলিশ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু নিজেদের অবহেলা ও কাজের সমন্বয়হীনতার জন্য তারা প্রায় ২১ হাজার শিক্ষার্থীর একজনকেও আবাসন সুবিধা দিতে পারছে না। উল্লেখ্য, পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এ শিক্ষায়তনের ১২টি হল বেদখল হয়ে আছে। এর মধ্যে কয়েকটি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে দখলদারদের মামলা চলছে।আবাসনসংকট সমাধানের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখাও মিছিল ও সমাবেশ করে। পরে সংগঠনটির নেতা-কর্মীরা দাবি আদায়ে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেন। সমাবেশে ছাত্রনেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও বেদখল ১২টি হল উদ্ধারে ফলাফল শূন্য। গতকাল বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া হল উদ্ধারের আন্দোলনের দুই বছর পূর্তি হয়। এ জন্য প্রশাসন ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। প্রসঙ্গত, ২০০৯ সালের ২৭ জানুয়ারি বেদখল হওয়া হলগুলো উদ্ধারের দাবিতে সাধারণ ছাত্রদের আন্দোলনে হামলা চালায় পুলিশ। এতে শতাধিক ছাত্র আহত হন। এর জের ধরে বিশ্ববিদ্যালয় টানা এক মাস বন্ধ থাকে। উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বেদখল হয়ে থাকা হলগুলো উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।