হল নির্মাণের দাবিতে বিক্ষোভ, অবরোধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, বেদখলে থাকা আরও ১০টি হল (ছাত্রাবাস) উদ্ধারসহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রোববার গুলিস্তান-সদরঘাট সড়কের সাতটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেছেন তাঁরা।দাবি আদায়ে আজ সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও পরে সেখান থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় এলাকায় অবস্থান ধর্মঘট পালনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে প্রায় চার হাজার শিক্ষার্থী ‘মেসে আর থাকব না, হল আমার ঠিকানা’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস ঘুরে ১১টার দিকে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছর পার হলেও তাঁদের আবাসনের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। বেদখল হওয়া হাবিবুর রহমান হলটি প্রায় দেড় বছর আগে উদ্ধার করা হলেও আইনি জটিলতা এখনো কাটেনি। ছাত্রীদের একটি হল নির্মাণের জন্য আড়াই বছর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের কাছ থেকে ৪০ কোটি টাকা পেলেও এখনো স্থান নির্ধারণ করেনি।সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় পৃথক সাতটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে গুলিস্তান-সদরঘাট সড়ক প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে থাকা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা সরিয়ে নেওয়ার দাবিতে ব্যাংকের মূল ফটক ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশি বাধায় তাঁরা ফিরে যান। পরে বেলা একটা পর্যন্ত ওই সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এ সময় সদরঘাট-গুলিস্তান সড়কে তীব্র যানজটের পড়ে হাজারো যাত্রী।কর্মসূচি চলাকালে অজ্ঞাত ব্যক্তিদের ছোড়া ইটের আঘাতে বাংলা বিভাগের শিক্ষার্থী ইখতিয়ার হাসান আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।বেলা দুইটার কিছু পরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। এতে লিখিত বক্তব্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, আন্দোলনের দ্বিতীয় দিনেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই কর্মসূচি চলবে। সংবাদ সম্মেলনে দর্শন বিভাগের শিক্ষার্থী আবু তাহের, গণযোগাযোগ ও সাংবাদিকতার জামাল উদ্দিন ও হাসান আহমেদ, পরিসংখ্যানের মো. রাশেদ, উদ্ভিদবিদ্যার মো. নয়ন, আইনের মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি মানা না হলে আগামী সপ্তাহ থেকে ক্লাস বর্জন ও লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে। এর পরও যদি দাবি মানা না হয়, পুরান ঢাকায় লাগাতার হরতাল দেওয়া হবে। উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, হলের জন্য জমি কিনতে কয়েকটি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। জমি পেলেই নিজস্ব অর্থায়নে কাজ শুরু করা হবে।