জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা হাবিবুর রহমান হলটি (ছাত্রাবাস) প্রায় দেড় বছর আগে উদ্ধার করা হয়েছিল। কিন্তু এবিষয়ক আইনগত জটিলতা এখনো শেষ হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের দখলে থাকা সত্ত্বেও সেখানে শিক্ষার্থীদের আবাসনের জন্য ভবন নির্মাণ করতে পারছে না প্রশাসন।এ ছাড়া ক্যাম্পাস-সংলগ্ন বাংলাবাজার এলাকায় একটি খাসজমি অধিগ্রহণের জন্য গত বছরের ১১ ডিসেম্বর প্রায় দেড় কোটি টাকা জেলা পরিষদকে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর কয়েক মাস পরই ২১ মার্চ ওই জমির মালিকানা দাবি করে হাইকোর্টে রিট করে অ্যাসোসিয়েটেড প্রিন্টার্স এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। কিন্তু রিটের অগ্রগতিসহ এবিষয়ক সংশ্লিষ্ট কোনো তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পাওয়া যায়নি।এদিকে বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর, বেদখলে থাকা আরও ১০টি হল উদ্ধারসহ পাঁচ দফা দাবিতে গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিন পুরান ঢাকায় সড়ক অবরোধ ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেদখলে থাকা ১১টি হলের মধ্যে হাবিবুর রহমান হল উদ্ধার হয় ২০১১ সালের অক্টোবরে। কিন্তু এত দিন পরও এর আইনগত জটিলতা শেষ হয়নি। পরে ১৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের দখলে থাকা হাবিবুর রহমান হলসহ শহীদ আনোয়ার শফিক হল, সাইদুর রহমান ও আব্দুর রউফ মজুমদার (দুই নামে একটি হল) হলের জমিটি অধিগ্রহণের জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে (ভূমি অধিগ্রহণ অনুবিভাগ) চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ২৮ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই জমির কাগজপত্র চেয়ে চিঠি দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এত দিন পার হলেও বেশির ভাগ কাগজপত্র জমা দিতে পারেনি প্রশাসন।জানতে চাইলে উপাচার্য মীজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বেদখলে থাকা হলগুলোর সব কাগজপত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নেই। এর মধ্যে যে কয়েকটির দলিলপত্র আছে, সেগুলো দিয়ে উদ্ধারের কাজ চলছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাংলাবাজার এলাকার খাসজমিটি পেতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন।’বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, অনেক বছর আগে থেকেই বাণী ভবানী ভবন হলটির একাংশ দখল করে রেখেছে স্থানীয় একটি মহল। ওই জমিতে গড়ে উঠেছে ছাপাখানা। আর অন্য অংশে পুরান ভবনে জীবনের ঝুঁকি নিয়ে (গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ ছাড়াই) প্রায় ১৫০ জন কর্মচারী বসবাস করছেন। সূত্র জানায়, বাণী ভবানী হলের জায়গা দেখিয়ে ছাত্রী হলসহ বেশ কিছু অবকাঠামো নির্মাণে সরকারের কাছে একটি প্রকল্প জমা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১০ সালের ডিসেম্বরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্পের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ১০০ কোটি টাকা বরাদ্দ পায়। এর মধ্যে একটি ছাত্রী হলের জন্য বরাদ্দ মেলে ৪০ কোটি টাকা।দর্শন বিভাগের শিক্ষার্থী ও সাম্প্রতিক আন্দোলনের সঙ্গে জড়িত আবু তাহের ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছর পার হলেও একটি হল নির্মাণের কাজ শুরু করতে পারেনি প্রশাসন। এ ছাড়া আড়াই বছর আগে একটি ছাত্রী হল নির্মাণের জন্য ৪০ কোটি টাকা সরকারি বরাদ্দ পেলেও এখনো জায়গাই নির্ধারণ করা হয়নি। তাই নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের শাখা স্থানান্তরসহ পাঁচ দফা দাবি আদায়ে কাল পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ কর্মসূচি পালন করা হবে।’শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপাচার্য মীজানুর রহমান বলেন, নতুন হল নির্মাণের জন্য জমি চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া ছাড়াও জমির স্থান নির্বাচন করতে কমিটি গঠন করা হয়েছে।