হলমার্ক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রী দায় এড়াতে পারেন না: জামায়াত
সোনালী ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে হলমার্কের অর্থ আত্মসাতের ঘটনায় প্রধানমন্ত্রীও দায় এড়াতে পারেন না বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেন। একই সঙ্গে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।বিবৃতিতে অর্থ আত্মসাতের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি সর্বগ্রাসী রূপ লাভ করেছে। সরকারি দলের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও উপদেষ্টাদের সহযোগিতায় হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে। বিবৃতিতে শফিকুর রহমান অর্থমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের সমালোচনা করে বলেন, ‘চার হাজার কোটি টাকা তেমন কিছুই নয়’, অর্থমন্ত্রীর এ ধরনের মন্তব্য দেশের দরিদ্র জনগণের সঙ্গে উপহাস করার শামিল। এর দায় স্বীকার করে অর্থমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার পদত্যাগ করা উচিত ছিল।