হলমার্ক গ্রুপের হামলাকারীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নির্যাতনের ঘটনায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ জড়িত অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। গতকাল বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা এই দাবি জানান।সাভারে হলমার্ক গ্রুপের জমি দখলসহ বিভিন্ন অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত মঙ্গলবার বৈশাখী টেলিভিশনের তিন সাংবাদিক ও ক্যামেরাম্যান হামলার শিকার হন। এর প্রতিবাদে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের সভাপতি আখতারুজ্জামানের সভাপতিত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি ওমর ফারুক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বললেও একের পর এক এ ধরনের ঘটনা ঘটেই চলেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাভারে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে রোববার বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়।