হলুদ বাটো মেন্দি বাটো
নানান রঙের বিয়ের পোশাক পরে বর-বউয়েরা হাঁটছেন র্যাম্পে—এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না। আর তাঁরা যদি হন দেশের জনপ্রিয়
মডেল ও অভিনয়শিল্পী, তবে তো কথাই নেই। এ রকম বর-বউদের গতকাল মঙ্গলবার দেখা গেল একসঙ্গে এক মঞ্চে।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি মিলনায়তনে আয়োজন করা হয়েছিল বিয়ের পোশাকের ফ্যাশন শো। প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশা ও ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডসের আয়োজনে দুই দিনের ‘পন্ডস-নকশা বিয়ে উত্সব’-এর শেষ দিনের আয়োজন ছিল এটি।
সন্ধ্যার এই আয়োজনে আমন্ত্রিত অতিথিরা যখন আসন গ্রহণ করছিলেন, মিলনায়তনে তখন বাজছিল মুর্তজা কবির মুরাদের সানাই। অনুষ্ঠানের শুরুটা হয়েছিল ব্যান্ড পার্টির বাদ্যিবাজনা দিয়ে। তারপরই ছিল ‘হলুদ বাটো মেন্দি বাটো’, ‘দাও গায়ে হলুদ পায়ে আলতা’, ‘লীলাবালি লীলাবালি’ গানগুলোর সঙ্গে ওয়ার্দা রিহাব ও তাঁর দল ধৃতি নর্তনালয়ের শিল্পীদের নাচ।
ব্যান্ড পার্টির বাজনার সঙ্গে নাটকীয়ভাবে মঞ্চে আসেন অনুষ্ঠানের উপস্থাপক অভিনয়শিল্পী আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। একপর্যায়ে তাঁরা ডেকে নেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীনকে। তিনি মঞ্চে আহ্বান করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, কানিজ আলমাস খান এবং কোরিওগ্রাফার আজরা মাহমুদকে।
রাশেদা কে চৌধূরী বলেন, ‘আমাদের সময়ে বিয়ের এত আয়োজন ছিল না। বড় অসময়ে আমাদের জন্ম হয়েছিল, বিয়ে হয়েছিল। এই সময়ে যাঁদের বিয়ে হচ্ছে, তাঁদের অভিনন্দন।’ মঞ্চে আরও ডেকে নেওয়া হয় ক্রিকেটার এনামুল হক বিজয় ও সদ্য বিবাহিত তারকা দম্পতি নাঈম-নাদিয়াকে।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কামরান বকর বলেন, ‘বাংলাদেশে শীতকাল মানেই চারদিকে বিয়ের আয়োজন। এই বিয়ে উৎসব দেখেও তা বোঝা গেল। বিয়ে উৎসবের এ আয়োজন দেশেই বিয়ের বাজার করতে সবাইকে অনুপ্রাণিত করছে।’

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, ‘প্রথম আলোর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জয়। আমরা নানা ধরনের উত্সব করি; এর সঙ্গে যুক্ত হয়েছে বিয়ে উত্সব। আমাদের লক্ষ্য মানুষকে জানানো যে বিয়ের বাজার দেশেই হোক।’ তিনি মঞ্চে ডেকে নেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী কবরী ও এই সময়ের অভিনেতা সজলকে। তাঁরা ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’ গানটির সঙ্গে মঞ্চে ফ্যাশন মডেলদের মতো হাঁটেন।
ফ্যাশন শোর মূল বিষয় ছিল বিয়ের সাজপোশাকে নানা রং। শুরুতেই ছিল কনের শাড়ির বিবর্তন তবে রংটা ছিল লাল; সঙ্গে বরের ঐতিহ্যবাহী পোশাক। এর পরেই একে একে আসে নানা রঙের পোশাকে বউ ও বর। এগুলোর ভেতরে ছিল বিয়ের পোশাক, বউভাতের সংবর্ধনার পোশাকে বর-কনেদের ক্যাটওয়াক।
ফ্যাশন শোর শেষ কিউতে অংশ নেন তারকারা। বর-বউয়ের সাজে মঞ্চে হাঁটেন ফেরদৌস, নিপুণ, শুভ, মিম, শখ, নিলয়, মাহি, ইমি, নিশো, পিয়া এবং মৌ।
তাঁদের সাজিয়েছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। তাঁর কাছে জানতে চাওয়া হলো, এত বউ সাজাতে ক্লান্তি লাগে না? তিনি জানান, ‘বউয়ের সাজে নতুনত্ব এসেছে, রুচিতে এসেছে পরিবর্তন, সে জন্য ভালোই লাগে।’
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ছিল বিয়ের গান। কুমার বিশ্বজিৎ গেয়ে শোনান ‘চতুর্দোলায় চড়ে দেখ ওই বধূ যায়’ গানটি। সঙ্গে পারকাশনে ছিলেন মিঠুন চক্রবর্তী। কোরিওগ্রাফিতে ছিলেন আজরা মাহমুদ এবং সংগীতমিশ্রণে ছিলেন ডিজে রাহাত। মঞ্চ, বিয়ে উত্সবের প্রদর্শনী প্রাঙ্গণের সজ্জা এবং আলোক ব্যবস্থাপনা করেন মুকিমুল আনোয়ার ও ক্যান্ডেল লাইট।
গত সোমবার শুরু হওয়া দুই দিনের এ বিয়ে উৎসবে স্টল ও প্যাভিলিয়ন সাজিয়েছিল বিয়ের নানারকম অনুষঙ্গ নির্মাতা ও সেবাদাতা দেশসেরা প্রতিষ্ঠান। গতকাল শেষ দিনে সকাল ১০টার সময় দেখা যায় দর্শকদের ভিড়। তাঁরা বিভিন্ন স্টলে গিয়ে বিয়ের নানারকম অনুষঙ্গ দেখেন। পাশাপাশি উৎসব মঞ্চে গান, বিয়ের গীত, কাওয়ালি, বউ সাজানো, র্যাফল ড্র, কথোপকথনসহ ছিল নানা আয়োজন। দর্শকেরা ভিড় জমান সেখানেও।
উৎসব উপলক্ষে পাঠকদের জন্য আয়োজন করা হয় ‘আমাদের ছবিই সেরা’ প্রতিযোগিতা। এতে প্রথম পুরস্কার পেয়েছেন ইমতিয়াজ করিম নাইম ও খান জেরিন তাসনিম দম্পতি। দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে আবদুর রহিম ও তাসনিম আনজুম এবং রাশেদ নিজাম ও নুর ঊন নাহার উইলি দম্পতি। চূড়ান্ত পর্বের বিচারক ছিলেন রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী, অভিনেতা ইরেশ যাকের এবং আলোকচিত্রী আবির আবদুল্লাহ। তাঁদের নম্বর ও পাঠকদের অনলাইন ভোটে বিজয়ী নির্ধারিত হয়। দুই দিনের আয়োজন সরাসরি সম্প্রচার করে চ্যানেল টোয়েন্টিফোর।