একটি যাত্রীবাহী বাস ধরে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ভেতরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা। আগের দিন হলের এক ছাত্রের সঙ্গে ভাড়াসংক্রান্ত ঝামেলা নিয়ে গতকাল সন্ধ্যায় তাঁরা এই ঘটনা ঘটান।
বাস ভাংচুরের আগে বাসের তিন কর্মীকে বেধড়ক মারধর করেছেন শিক্ষার্থীরা। তাঁরা হলেন চালক মোহাম্মদ আলী (৪১), ভাড়া আদায়কারী মিলান (২১) ও চালকের সহকারী মোহাম্মদ ফারুক (২৫)। ঢাকা মেডিকেল প্রতিনিধি বলেন, তাঁদের মুখে ও গায়ে রড ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। আহত ব্যক্তিরা অভিযোগ করেন, তাঁদেরসহ বাসটি গুলিস্তানের জিপিও থেকে ধরে নিয়ে আসা হয়। হলের ভেতর ঢুকিয়ে সেখানে ছাত্ররা বাসে আগুন ধরিয়ে দেয় ও তাঁদের মারধর করে। শহীদুল্লাহ হলের একাধিক শিক্ষার্থী বলেন, সোমবার পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের রাকিব নামের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের সঙ্গে গাজীপুর থেকে আসার পথে বাসের ভাড়া নিয়ে ঝামেলা হয়। তাঁকে শ্রমিকেরা মারধর করেন। পরে বিষয়টি তিনি হলের জ্যেষ্ঠ ছাত্রদের জানান। এই বিষয়টি আজ (মঙ্গলবার) মীমাংসা হওয়ার কথা ছিল। শ্রমিক নেতাদের সঙ্গে জ্যেষ্ঠ ছাত্ররা বসার আগেই কিছুসংখ্যক বিক্ষুব্ধ ছাত্র একটি বাস ধরে এনে তাতে আগুন ধরিয়ে দেন।
রাত আটটার পর পুলিশ হলের ভেতর থেকে রেকার দিয়ে পোড়া গাড়িটি থানায় নিয়ে গেছে।