হলে ফিরেছেন কাদের
পুলিশের হাতে নির্যাতনের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র আবদুল কাদের হলে ফিরেছেন।চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে গতকাল রোববার দুপুরে ফজলুল হক মুসলিম হলের নিজ কক্ষে ফেরেন কাদের। তাঁর হলে ফেরার সংবাদ পেয়ে হলের শিক্ষার্থীরা তাঁকে দল বেঁধে দেখতে আসেন।কাদের প্রথম আলোকে বলেন, ৩০ জুলাই থেকে তাঁর ক্লাস শুরু হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পুলিশের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করায় আদালতে হাজিরা দিতে হবে। সবকিছু নিয়ে চিকিৎসক এন কে দত্তের সঙ্গে পরামর্শ করলে তিনি হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেন।মানববন্ধন: এদিকে কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনের জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের শাস্তির দাবিতে ‘নির্যাতনবিরোধী ছাত্রছাত্রীবৃন্দ’ ব্যানারে শিক্ষার্থীরা গতকাল প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তাঁরা ‘পুলিশের হাতে চাপাতি কেন? জবাব চাই’, ‘যেই প্রক্টর কাদেরকে ডাকাত বলে সেই প্রক্টর চাই না’, ‘কাদেরের ওপর নির্যাতনের পর ভিসি-প্রক্টর কোথায় ছিলেন? জবাব চাই’, লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন।