জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন হল নির্মাণ, ক্যাম্পাস থেকে বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা স্থানান্তর ও বেদখলে থাকা পুরোনো হলগুলো উদ্ধার করাসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। আন্দোলনের তৃতীয় দিনে গতকাল সোমবার সড়কে অবস্থান ধর্মঘট ও টায়ারে আগুন দিয়েছেন শিক্ষার্থীরা।আগামী বৃহস্পতিবার সকাল আটটায় আবারও পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় এলাকায় অবস্থান ধর্মঘট পালন করার ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের এ আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুগত কয়েকজন শিক্ষক বাধা দিচ্ছেন। গতকাল কয়েকটি বিভাগে ক্লাস ও বিভাগীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কিছুটা কম।প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সকাল ১০টার দিকে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কয়েক হাজার শিক্ষার্থী মানববন্ধন করেন। পরে বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনের ফটকে দুটি তালা দেন তাঁরা।সমাবেশ শেষে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় ও পরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাহাদুর শাহ পার্ক এলাকায় কয়েকটি টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা গুলিস্তান-সদরঘাট সড়ক অবরোধ করেন তাঁরা। এতে গুলিস্তান-সদরঘাট সড়কে তীব্র যানজটে পড়ে হাজারো যাত্রী।বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান। লিখিত বক্তব্যে বলা হয়, বৃহস্পতিবারের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবে। বক্তব্যে আরও বলা হয়, প্রশাসন আলোচনার প্রস্তাব দিয়েছে। আলোচনায় শিক্ষার্থীরা সাড়া দেননি। কারণ, সাত বছরে অনেক আলোচনা হয়েছে, কিন্তু ফল হয়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালানোর ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, আন্দোলনে অংশ নেওয়ায় কয়েকটি বিভাগের শিক্ষকেরা বাধা দিচ্ছেন। এমনকি পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া অনেক বিভাগের শিক্ষকেরা অল্প কজন শিক্ষার্থী নিয়েই ক্লাস-পরীক্ষা নিচ্ছেন।প্রক্টর অশোক কুমার সাহা বলেন, প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের দেওয়া তালা কয়েক মিনিট পরই ভেঙে ফেলা হয়েছে।আন্দোলনে বাধা ও কম নম্বর দেওয়ার অভিযোগ অস্বীকার করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, যাঁরা ক্লাস ছেড়ে আন্দোলনে গিয়েছেন, তাঁরাই এ ধরনের অভিযোগ করছেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান এর আগে প্রথম আলোকে বলেছেন, জমি পেলেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে হল নির্মাণের কাজ শুরু করা হবে।