হলের ভেতরে বিউটি পারলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ভেতর বিউটি পার্লারে চলছে রূপচর্চা l প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের ভেতর বিউটি পার্লারে চলছে রূপচর্চা l প্রথম আলো

তাহমিনা আফরিন বললেন, ‘দুপুরে ঘুম থেকে ওঠার পর ভাবলাম ভ্রুটা একটু ঠিকঠাক করে আসি। চলে এলাম সুরভী আপার কাছে। তাঁকে নতুন করে কিছু বলতে হয় না। আমার চেহারার সঙ্গে কেমন ভ্রু মানানসই, তা তিনি জানেন। তাই আমিও নিশ্চিন্ত। “ভ্রু প্লাক” করতে লাগবে মাত্র ৩০ টাকা।’
গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে তাহমিনার সঙ্গে কথা হয় ‘অপ্সরা স্পা অ্যান্ড হেয়ার ট্রিটমেন্ট’ নামের বিউটি পারলারে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের কবি সুফিয়া কামাল হলের প্রশাসনিক ভবনের দোতলায়। পরিচালনা করেন আইনুন নাহার, ছাত্রীদের কাছে যাঁর পরিচয় ‘সুরভী আপা’। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হলে এটিই প্রথম চালু হওয়া পারলার। হলটির যাত্রা শুরু হয় ২০১২ সালে। তখন থেকেই হলের প্রায় দেড় হাজার শিক্ষার্থী, নারী শিক্ষিকা এবং বিশ্ববিদ্যালয়ে কর্মরত ব্যক্তিদের আত্মীয়রা (কর্মরত ব্যক্তির কার্ড দেখিয়ে) এই পারলার ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
তাহমিনা আফরিন বলেন, হলের ভেতরে না থাকলে পারলারে নিয়মিত যাওয়া সম্ভব হতো না। এখানে কাজ ভালো, আবার খরচও কম।
পারলারে গিয়ে জানা গেল, দুপুরের দিকে মেয়েরা বেশি আসেন। ক্লাস শেষ করে রুমে ফেরার আগে অনেকেই ঢুঁ দেন। একটু ডিপ ক্লিন বা ফেশিয়াল করা, চুলের কোনো ধরনের ট্রিটমেন্ট করানো, চুলে হট অয়েল ম্যাসাজ বা ভ্রু প্লাক করতে যান অনেকে।
পারলারে আসা তামান্না তাবাসসুম খান বলেন, ‘পড়াশোনা করছি আবার সুযোগ-সুবিধা বুঝে নিজের ত্বকের যত্নও নিতে পারছি। পয়লা বৈশাখের অনুষ্ঠানে আমরা ১৫ জন মেয়ে কেউ উপস্থাপনা, কেউ নাচ বা গানে অংশ নিই। পারলার থেকে যার যা প্রয়োজন সে সাজসজ্জা বিনা মূল্যে করে দেয় হল কর্তৃপক্ষ। অন্যান্য অনুষ্ঠানের আগেও আমরা এখানে চট করে সাজগোজ করতে পারি।’
সৈয়দা আয়শা নাঈম বলেন, ‘এখানে সবকিছু বাইরের তুলনায় কম দামে করানোর সুযোগ পাচ্ছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরেকটু ভর্তুকি দিলে ভালো হতো।’ পারলারে আসা শিক্ষার্থীরা জানালেন, ঢাকার বাতাসে যে ধুলাবালি, তাতে করে নিজের বাড়তি যত্ন না নিয়ে উপায় নেই।
পারলার বলতে একটি বড় ঘর। দেয়ালে লাগানো বড় একটি আয়না। আছে অন্যান্য সাজসরঞ্জাম। ফেশিয়াল করানোর জায়গাটি পর্দা দিয়ে ঘেরা। হলের মেয়েরা খুব ভারী মেকআপ করেন না, তাই ঘরে এখন পর্যন্ত এসি লাগানো হয়নি। হলের যে মেয়েরা টিউশনি করান বা স্বল্পকালীন বিভিন্ন চাকরি করেন বা বাবা-মায়ের কাছ থেকে হাতখরচের টাকা একটু বেশিই পাচ্ছেন, তাঁরাই বেশি আসেন পারলারে।
পারলারের মালিক আইননুন নাহার প্রথম আলোকে বলেন, ‘মেয়েরা বেশি আসেন সানবার্ন বা রোদে ত্বক পুড়ে যাওয়া সমস্যা নিয়ে। এখানে ২০০ টাকায় ডিপ ক্লিন করতে পারছেন। আমি একাই পারলার চালাই। তবে বিশেষ দিন বা অনুষ্ঠানের সময় বাড়তি কাজের জন্য সহকারী নিয়ে আসি।’
আইনুন নাহার জানালেন, পারলারের জন্য এককালীন এক লাখ টাকা জমা দিয়েছেন হল কর্তৃপক্ষের কাছে। মাসিক ভাড়া অল্পই। তিনি আগে পারসোনা এবং উইমেন্স ওয়ার্ল্ডে অনেক দিন কাজ করেছেন।
হলের প্রভোস্ট অধ্যাপক নীলুফার নাহার প্রথম আলোকে বলেন, ‘আমি এ হল নির্মাণের সময় প্রকল্প পরিচালক ছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার হলের ভেতরে বিউটি পারলার করা, লন্ড্রি, টেইলার্স করাসহ বিভিন্ন বিষয়েই লিখিত অনুমতি দিয়েছে। হলে জায়গাও আছে। আমি সব সময় চেয়েছি হলে থাকার সময় মেয়েদের যাতে কোনো সমস্যা না হয়।’