নগরজীবনে যাতায়াত-ব্যয় বৃদ্ধিতে সীমিত আয়ের মানুষকে হিমশিম খেতে হচ্ছে। তাই জ্বালানিনির্ভরতা ও খরচ কমাতে হাঁটা ও সাইকেলে চলাচলের নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে হাঁটা ও সাইকেল চালনাকে উৎসাহিত করতে হবে।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের (ডাব্লিউবিবি ট্রাস্ট) উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষজ্ঞ ব্যক্তিরা এসব কথা বলেন। পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সভাটি হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাব্লিউবিবি ট্রাস্টের মারুফ রহমান। সভায় বক্তারা জানান, পরিকল্পনা ও অবকাঠামোগত অবহেলায় ঢাকায় দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে ৮৬ শতাংশই পথচারী। মূল প্রবন্ধে আবু নাসের বলেন, ঢাকায় ফুটপাত না থাকা ও যাও আছে তার ওপর অবৈধভাবে কার ও মোটরবাইক পার্কিং করায় ৭৪ শতাংশ মানুষই ইচ্ছা থাকলেও হাঁটতে পারেন না। পৃথক লেন ও স্ট্যান্ড তৈরি হলে অনেকেই সাইকেলে চলাচলে উৎসাহিত হবে।