হাইওয়ে পুলিশের কাজ তদারকির জন্য কমিটি গঠনের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ঘটনা এড়াতে ও সুষ্ঠু সড়ক-ব্যবস্থাপনার জন্য সড়ক ও পরিবহন-সংক্রান্ত বিশেষজ্ঞ নিয়ে সাত দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরির্দশককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই কমিটিকে সুষ্ঠু সড়ক-ব্যবস্থাপনার জন্য নীতিমালা তৈরি করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া হাইওয়ে পুলিশ ঠিকমতো দায়িত্ব পালন করছে কি না, তা তদারকির জন্যও একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল রোববার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেন ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন। রুলে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন মহাসড়কে কার্যকর সড়ক ও পরিবহন-ব্যবস্থাপনা নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার সংযোগ মহাসড়কে স্থাপিত দোকানপাট, অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, অর্থসচিব, ডিআইজি (হাইওয়ে), জয়েন্ট কমিশনার (ট্রাফিক, ঢাকা) ও চার জেলার পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।সড়ক দুর্ঘটনা ও যানজট প্রতিরোধে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ রিট আবেদনটি আদালতে দাখিল ও শুনানি করেন। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মানিকগঞ্জ ও ঢাকা-ফরিদপুর মহাসড়কে হাইওয়ে পুলিশ নিয়োগ দিতে পুলিশের ডিআইজিকে (হাইওয়ে) নির্দেশ দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে কি না, তা তদারকির জন্য একটি বিশেষ কমিটি গঠনের কথাও বলা হয়েছে।