হাইকোর্টে বিচারাধীন মামলার সংখ্যা তিন লাখের নিচে
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বর্তমানে বিচারাধীন মামলার সংখ্যা দুই লাখ ৯৩ হাজার ৭০৫টি মামলা। গত মার্চ মাসে দায়ের হয়েছে পাঁচ হাজার ৭৭টি মামলা। তবে নিষ্পত্তি হয়েছে নয় হাজার ৯৩টি। সুপ্রিম কোর্টের মাসিক সংক্ষিপ্ত পরিসংখ্যান পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মামলা দায়েরের চেয়ে গত মাসে নিষ্পত্তির হার ছিল প্রায় দ্বিগুণ। এ ব্যাপারে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রথম আলোকে বলেন, গত বছরের ১ অক্টোবর বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের সময় হাইকোর্টে বিচারাধীন মামলা ছিল তিন লাখ ৫৩ হাজার ২৩০টি। এ সময়ে নতুন দায়ের হওয়া মামলার সংখ্যা ছিল ২৩ হাজার ৪৫২টি। আর গত ছয় মাসে দায়ের করা মামলার অতিরিক্ত ৫৯ হাজার ৫২৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে মামলা কমেছে ৮২ হাজার ৯৭৭টি। মার্চের পরিসংখ্যান অনুসারে ৫৭০টি দেওয়ানি, তিন হাজার ৪২৬টি ফৌজদারি, ৯৬৫টি রিট ও ১১৬টি আদিম দেওয়ানি মামলা দায়ের হয়। ৬৩টি দেওয়ানি, ১১টি রিট ও ১২টি আদিম দেওয়ানি মামলা পুনরুজ্জীবিত হয়। গত মাসে ৭১৯টি দেওয়ানি, সাত হাজার ২৬১টি ফৌজদারি, এক হাজার ৬৪টি রিট এবং ৪৯টি আদিম দেওয়ানি মামলা নিষ্পত্তি হয়। এ ছাড়া বর্তমানে ৬৪৫টি মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণসংক্রান্ত (ডেথরেফারেন্স) মামলা বিচারাধীন রয়েছে, এর মধ্যে তিনটি মামলা শুনানির জন্য প্রস্তুত করা হয়েছে। আর আটটি মামলা আদালতে পাঠানো হয়েছে।