হাইকোর্টের আদেশ স্থগিত ৩ মে শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিয়েছেন চেম্বার বিচারপতি। তবে নির্বাচনের ১৫ দিন আগে ভোটার তালিকা সংশোধন করতে বলা হয়েছে। গতকাল সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। এ ছাড়া ৩ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে বিষয়টি শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।পূর্বনির্ধারিত সময় অনুসারে ২৮ মে বার কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা। তবে ভোটার তালিকা ত্রুটিপূর্ণ, এমন অভিযোগে সুপ্রিম কোর্টের চার আইনজীবীর করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ২৬ এপ্রিল হাইকোর্ট নির্বাচনী কার্যক্রম চার সপ্তাহের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুলও জারি করা হয়।হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে বার কাউন্সিল কর্তৃপক্ষ। গতকাল এই আবেদনের ওপর শুনানি হয়।শুনানিতে বার কাউন্সিলের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী মামলা পরিচালনা করেন।পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, ভোটের ১৫ দিন আগে ভোটার তালিকা সংশোধনের শর্তে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন। ফলে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। ৩ মে বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।এ ব্যাপারে বার কাউন্সিলের সচিব এনায়েত ফজলুর রশীদ গতকাল প্রথম আলোকে বলেন, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে প্রায় ৭২৯ দ্বৈত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২৮ মে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে গতকাল বার কাউন্সিলের একটি সভা হয়েছে। সভায় ২৬ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন পরিবর্তন করে ২ মে পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল ২৯ এপ্রিল। এটা পরিবর্তন করে ৫ মে বিকেল পাঁচটা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়।