হাইকোর্টের নির্দেশে মুক্ত চিকিৎসক এহসানুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকির অভিযোগে আটক চিকিৎসক এহসানুজ্জামান খানকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।মামলা ছাড়া তাঁকে আটক রাখা ও রিমান্ডে নেওয়া অবৈধ ঘোষণা করে গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর বিকেলে এহসানকে মুক্তি দেওয়া হয়।এহসানুজ্জামানকে আটক ও রিমান্ডে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে চিকিৎসকের ভাই আকিল উজ জামান গত বুধবার হাইকোর্টে আবেদনটি (হেবিয়াস করপাস) করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। সেই সঙ্গে গতকাল তাঁকে হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল সকালে তাঁকে আদালতে হাজির করে পুলিশ। শুনানির পর আদালত আদেশ দেন। তাঁর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম শফিউদ্দিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে এ কে এম শফিউদ্দিন প্রথম আলোকে বলেন, আদালত এহসানুজ্জামান খানকে মুক্তির নির্দেশ দেওয়ার পর বিকেলে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।গত মঙ্গলবার তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন মহানগর হাকিম আতিকুর রহমান। ওই দিন রমনা থানার উপপরিদর্শক (এসআই) বশিরুল হক তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি ও তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে রমনা থানায় সাধারণ ডায়েরি করেন শাওনের বাবা মোহাম্মদ আলী। এ ঘটনায় র‌্যাব-৩-এর একটি দল এহসানকে ইস্কাটন রোডের অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সামনে থেকে আটক করে।