হাইকোর্টের রায় ছয় সপ্তাহের জন্য স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পপতি মো. আলম হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই স্থগিতাদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী ইজারুল হক আকন্দ ও আসামিপক্ষে এ এস এম আবদুল মোবিন মামলা পরিচালনা করেন। গত সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আলম হত্যা মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও মৃত্যুদণ্ড নিশ্চিতকরণের ওপর শুনানি শেষে রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ড পাওয়া ১১ আসামির মধ্যে আটজনকে বেকসুর খালাস এবং তিনজনের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত অপর ছয় আসামিকেও খালাস দেওয়া হয়। এ ব্যাপারে কাজী ইজারুল হক আকন্দ বলেন, হাইকোর্ট আট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ ১৪ জনকে বেকসুর খালাস দেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে। গতকাল চেম্বার বিচারপতি শুনানি নিয়ে ওই রায়ের কার্যকারিতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। এ সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল দায়ের করতে বলা হয়েছে। ২০০১ সালের ১ জানুয়ারি জুরাইনের নিজ বাসভবনে আলম ও তাঁর তিন গৃহপরিচারিকা কমলা, সখিনা ও রহিমাকে জবাই করে হত্যা করা হয়। ওই ঘটনায় করা হত্যা মামলায় ২০০৫ সালের ৩১ জুলাই নিম্ন আদালত ১১ জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।