চার নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা-সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেননি আপিল বিভাগ। সাতটি কোম্পানির পক্ষ থেকে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। তবে গতকাল মঙ্গলবার চেম্বার বিচারপতি মোজাম্মেল হোসেন কোনো স্থগিতাদেশ না দিয়ে আগামীকাল বৃহস্পতিবার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে—সিটি গ্রুপ লিমিটেড, স্ক্যান সিমেন্ট, কামাল ভেজিটেবল লিমিটেড, মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ, এসিআই সল্ট, সিমেক্স ও আকিজ সিমেন্ট লিমিটেড। আদালতে সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। কোম্পানিগুলোর পক্ষে আইনজীবী রফিক-উল হক, মাহমুদুল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ, শেখ ফজলে নূর তাপস এবং মূল রিট আবেদনকারী হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আইনজীবী মনজিল মোরসেদ মামলা পরিচালনা করেন। মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, চার নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে ২১ মার্চ হাইকোর্টের দেওয়া রায় স্থগিতের জন্য সাতটি প্রতিষ্ঠান আবেদন করেছে। চেম্বার বিচারপতি স্থগিতাদেশ না দিয়ে ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করে দিয়েছেন। ২০০৯ সালের ২৫ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ চার নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদে কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এ রায়ের আলোকে বিভিন্ন প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা সরাতে নোটিশ দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্থাপনা অপসারণ না করতে, ওই রায় পুনর্বিবেচনা ও সংশোধনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান হাইকোর্টের অপর একটি বেঞ্চে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ২১ মার্চ জনস্বার্থে ব্যবহূত সরকারি স্থাপনাগুলো উচ্ছেদ কার্যক্রমের বাইরে থাকবে বলে আবেদনগুলো খারিজ করে রায় দেন। এতে স্থগিতাদেশ চেয়ে পৃথক সাতটি আবেদন করা হয়।