হাইকোর্টের রায়ের স্পষ্টতা চেয়ে বিআইডব্লিউটিএ আবেদন করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার চার নদী রক্ষায় হাইকোর্টের দেওয়া রায়ের স্পষ্টতা চেয়ে আবেদন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেন। গত সোমবার বিআইডব্লিউটিএ এই আবেদন করে। আদালতে আবেদনটি উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। এর বিরোধিতা করে রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, হাইকোর্টের রায় ঘোষণার পর প্রধানমন্ত্রী গণমাধ্যমে নদী ও পরিবেশ রক্ষার কথা বলেছেন। একনেকের বৈঠকে নদী রক্ষার জন্য কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাই জনগণ জানে প্রধানমন্ত্রী নদী রক্ষার পক্ষে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বরাত দিয়ে যে আবেদন দাখিল করেছেন, এটি সন্দেহজনক। এ বিষয়ে চেয়ারম্যানের লিখিত প্রমাণ (ডকুমেন্ট) দাখিল করা প্রয়োজন। হাইকোর্টের রায়ের বিষয়ে দুবার পূর্ণাঙ্গ শুনানির পর আপিল বিভাগ ওই রায় বহাল রাখেন। এ ধরনের রায় হাইকোর্টের রায় অকার্যকর করার অপপ্রয়াস। সূত্র জানায়, বিআইডব্লিউটিএর আবেদনে উল্লেখ করা হয়েছে, চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে। প্রধানমন্ত্রী এ বিষয়ে বিভ্রান্তি দূর করতে হাইকোর্টে আবেদন করতে নির্দেশনা দেন। এ নির্দেশনা অনুসারে আবেদনটি করা হয়। বিআইডব্লিউটিএর পক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, রায়ের সংশয় দূর করার জন্য আবেদন করা হয়। আদালত দুই সপ্তাহ শুনানি মুলতবি করেছেন।সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী এ প্রতিবেদককে বলেন, আপিল বিভাগ এ বিষয়ে আদেশ দিয়েছেন। এর অনুলিপি প্রকাশের অপেক্ষায় রয়েছে। এ জন্য আদালত শুনানি মুলতবি করেছেন। জানা গেছে, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২৫ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ওই বছরের ৩০ নভেম্বরের মধ্যে সিএস রেকর্ড অনুযায়ী চার নদীর সীমানা নির্ধারণ করতে নির্দেশ দেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা গত ৩০ নভেম্বরের মধ্যে সীমানা জরিপ শেষে গত বছরের ১৫ ডিসেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন। গত ২৪ জানুয়ারি নদীতীরবর্তী অবৈধ স্থাপনা অপসারণসংক্রান্ত হাইকোর্টের রায় অনুযায়ী কার্যক্রম শুরুর নির্দেশনা চেয়ে সংগঠনটি হাইকোর্টে আবেদন করলে আরেকটি দ্বৈত বেঞ্চ ঢাকার চারপাশের চার নদী—বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগের তীরবর্তী জায়গার অবৈধ স্থাপনা এক মাসের মধ্যে উচ্ছেদ ও অপসারণের কাজ শুরু করতে সরকারকে নির্দেশ দেন।