হাইকোর্টের সামনে প্রাইভেট কারের ধাক্কায় নারীর মৃত্যু
রাজধানীর হাইকোর্টের সামনে প্রাইভেট কারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৬৫ বছর।
আজ রোববার বেলা তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উবারে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়েছে। তাঁর প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
প্রাইভেট কারের যাত্রী হাফসা হক হাসপাতালে সাংবাদিকদের বলেন, তিনি উবার অ্যাপের মাধ্যমে ভাড়া করে সচিবালয়ের সামনে থেকে গাড়িতে ওঠেন। শিক্ষা ভবন হয়ে হাইকোর্টের ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ ওই মহিলা রাস্তা পার হতে গিয়ে গাড়ির সামনে এসে পড়েন। চালক গাড়িটা থামাতে থামাতে মহিলার গায়ে ধাক্কা লাগলে তিনি ছিটকে পড়েন। পরে চালকসহ তাঁরাই ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। ওই নারীর পরনে প্রিন্টের ছাপা শাড়ি ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত নারী চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া পাঁচটায় মারা যান। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।