হাইক্কা খালের জমিতে হাউজিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গায় জায়গায় নির্মাণকাজের বর্জ্য আর মানববর্জ্য। বদ্ধ পচা পানি। এর নাম হাইক্কা খাল। কাগজে-কলমে ৮০ থেকে ৯০ ফুট প্রশস্ত খালটি বাস্তবে দখলের কবলে পড়ে প্রায় বিলুপ্ত। কর্তৃপক্ষের তদারকির অভাবে খালের জমিতে চলছে দখলের উৎসব।রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পেছনের খালের অংশটুকু কাঁচা, আধা পাকা ও পাকা বাড়িতে ভরা। নানা জনের নামে সাইনবোর্ডেরও অভাব নেই। বাসিন্দাদের অধিকাংশই জনৈক ‘চৌধুরী সাহেবের’ কাছ থেকে জমি কিনে বাড়ি করেছেন বলে দাবি করেন। খালের পাড় ভরাট করে চলছে নানা ব্যবসা। কাঁচাবাজার, পোশাক তৈরির কাঁচামালের দোকান, রিকশার গ্যারেজ, ভাঙারির দোকান, ভাতের হোটেল—কী নেই!খালের মধ্যে একটি বাড়ির মালিক জনৈক শাহজাহান। তিনি ঘর তুলে ভাড়া দিয়েছেন। ম্যানেজার দুলাল এ বাড়ির ১০ ঘর ভাড়াটের দেখভাল করেন। গত শুক্রবার দুলাল এ প্রতিবেদককে জানান, মালিক ১০-১৫ দিন পর পর এসে বাড়িভাড়ার টাকা নিয়ে যান। এর কাছেই বালু দিয়ে ভরাট করে ‘মাটি ভাড়া’ দেওয়া হয়েছে। স্বল্প আয়ের ১২টি পরিবার সেখানে বাঁশ-টিন দিয়ে ঘর তুলে বসবাস করছে।বর্তমানে এখানে শতাধিক ঘরবাড়ি। অনেকেই দাবি করেন, তাঁরা ‘চৌধুরী হাউজিং’ থেকে জমি কিনে ঘর তুলেছেন। স্থানীয় বাসিন্দা বৃদ্ধা সলিমা জানান, চৌধুরী হাউজিংয়ের মালিক জনৈক বারিক চৌধুরী। কিন্তু এলাকার কেউ তাঁকে ভালো করে চেনে না।এলাকার দুজন বলেছেন, নগদ টাকা দিয়ে তাঁরা চৌধুরী হাউজিংয়ের জমি কিনেছেন। তাঁদের দাবি, কোনো খাল বা নদীর জায়গা ভরাট করা হয়নি। তাঁদের কেউই নিজেদের নাম বলতে রাজি হননি।চৌধুরী হাউজিং নামের কথিত ওই ‘আবাসন প্রকল্প’ সম্পর্কে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সঙ্গে যোগাযোগ করে কোনো নথি ও তথ্য পাওয়া যায়নি। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে জানান, রাজউকের অনুমোদন দূরে থাক, খাল-বিল ভরাট করে এ ধরনের প্রকল্পের জন্য আবেদনপত্রও গৃহীত হয় না।প্রায় ২৫ বছর ধরে এ এলাকায় বাস করছেন মো. সুলেমান (৭৪)। তিনি জানান, বুড়িগঙ্গা নদীর সঙ্গে যুক্ত এ খালে একসময় টলটলে পানি ছিল। মাছও ছিল যথেষ্ট। বর্তমান হাল তুলে ধরে তিনি বলেন, ‘অহন মানুষ বাড়ছে। দুইডা বেশি পয়সা পাওনের লাইগ্যা মাইনষে খালে হাত দিছে।’ সুলেমান নিজেও খালপাড়ে চায়ের দোকানের জন্য মাটি ভাড়া নিয়েছেন।খাল এলাকা ঘুরে দেখা গেছে, স্থানীয় বাড়িওয়ালাদের তৈরি দোকানের মাসিক ভাড়া এক থেকে দুই হাজার টাকা। আর যাঁরা নিজেরা টং দোকান তৈরি করেছেন, তাঁদের সামনের বাড়িওয়ালাকে মাটি ভাড়া হিসেবে মাসে ৫০০ থেকে এক হাজার টাকা করে দিতে হয়।ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নকশা অনুযায়ী প্রায় আড়াই কিলোমিটার লম্বা হাইক্কা খালের প্রকৃত প্রস্থ ৮০ থেকে ৯০ ফুট, আর গভীরতা প্রায় ১২ ফুট। এখন দখলের কারণে প্রস্থ তো নেই-ই, বর্জ্যের ভারে গভীরতাও গেছে।সমন্বয়ের অভাব: বেড়িবাঁধের দুই পাশে ২৫০ ফুট করে জমি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায়। পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার প্রথম আলোকে জানান, এই অংশে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকলে তা পাউবো উচ্ছেদ করে।অন্যদিকে ওয়াসা কর্তৃপক্ষ বলেছে, তারা দেখে রাজধানীর অন্তর্ভুক্ত খালগুলো। হাইক্কা খালের ওই অংশ বেড়িবাঁধের ওপারে বলে এটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আওতায়।প্রসঙ্গত, পরিবেশবাদীদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে হাইক্কার খাল ভরাট, দখল ও নির্মাণকাজ সাত দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপর উচ্ছেদ হলেও আগের অবস্থা ফিরতে সময় লাগেনি।এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আবদুল মালেক মিয়া প্রথম আলোকে জানান, লোকবল কম থাকায় সব জায়গায় নজরদারি রাখা সম্ভব হয় না। দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।