হাইড্রোলিক হর্ন বন্ধে ব্যবস্থা জানতে চান হাইকোর্ট
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন বন্ধ ও টিম গঠন করে রাজধানীর কয়েকটি এলাকার সড়কে রাতে তদারকিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। সংশ্লিষ্ট সড়ক হচ্ছে রাজধানীর কাকরাইল-ভিআইপি সড়ক হয়ে মগবাজার, মৎস্য ভবন-শাহবাগ-সায়েন্স ল্যাবরেটরি-সংসদ ভবন হয়ে গাবতলী পর্যন্ত। এ বিষয়ে ঢাকার ট্রাফিকের যুগ্ম কমিশনার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ছয় বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে আদালতে হলফনামা আকারে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ৮ ফেব্রুয়ারি দিন রাখা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান শুনানিতে ছিলেন।
গাড়িতে হাইড্রোলিক হর্নের মতো উচ্চ শব্দযুক্ত হর্ন ব্যবহার বন্ধে নির্দেশনা চেয়ে ২০১৭ সালের আগস্টে রিট করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। এর প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরের ২৩ আগস্ট হাইকোর্ট রুলসহ কয়েক দফা নির্দেশনা দেন।
নির্দেশনায় ঢাকায় গাড়িতে হাইড্রোলিক হর্ন ও উচ্চ শব্দযুক্ত হর্ন ব্যবহার বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে কার্যকর পদক্ষেপ নিতে; এই হর্ন আমদানি বন্ধে পদক্ষেপ নিতে; বাজারে থাকা সব হাইড্রোলিক হর্ন জব্দ করার বিষয়ে বলা হয়। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের ৮ অক্টোবর অপর এক আদেশে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যান জব্দ ও হর্নগুলো জমা দিতে সময় বেঁধে দেওয়া হয়। এরপর এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট উচ্চ শব্দের ব্যবহার নিয়ন্ত্রণে ওই সব সড়কে সার্ভিল্যান্স টিম গঠন করে তদারকি করতে নির্দেশ দেন।
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের নির্দেশনার পর শব্দদূষণ অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে পরবর্তী সময়ে শব্দদূষণ আগের মতো বেড়ে যায়। এ বিষয়ে নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নিতে আরজি জানানো হয়। শুনানি শেষে ওই আদেশ দেওয়া হয়।