হাজতিসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের হেফাজতে থাকা এক হাজতি গতকাল রোববার মারা গেছেন। এ ছাড়া রাজধানীতে গতকাল ও গত শনিবার পৃথক ঘটনায় আরও চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।কারাগার সূত্র জানায়, বিডিআর বিদ্রোহের মামলায় অভিযুক্ত জয়নাল আবেদিন নামের এক বিডিআর সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে গতকাল ভোর চারটার দিকে অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে হাজারীবাগে একটি ট্যানারির টিনের চালে বসে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ মিয়া (৬০) নামের একজন কাঠমিস্ত্রি নিহত হয়েছেন। ফিরোজ হাজারীবাগের গজমহল এলাকার একটি বাসায় থাকতেন।কাফরুলে গত শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন হোসেন (৩০) নামের একজন টাইলস শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি নিজের ঘরের ডিশের লাইন মেরামতের সময় এ ঘটনা ঘটে।গতকাল সকালে নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন। তাঁর পরনে ছিল চেক লুঙ্গি ও শার্ট। এদিকে গতকাল সকালে রামপুরার বনশ্রী এলাকায় পাইলিং করার সময় মো. নূরনবী (২৭) নামের এক শ্রমিকের ওপর রড পড়ে। পরে গুরুতর আহত নূরনবীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।