হাজার কণ্ঠে বর্ষবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরের ধারা ও চ্যানেল আই আয়োজিত ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৪’। ছবিটি পয়লা বৈশাখ ভোরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তোলা l প্রথম আলো
সুরের ধারা ও চ্যানেল আই আয়োজিত ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ ১৪২৪’। ছবিটি পয়লা বৈশাখ ভোরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তোলা l প্রথম আলো

এক মঞ্চে হাজার শিল্পীর গান দিয়ে বর্ষবরণ করল সুরের ধারা ও চ্যানেল আই। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় গত শুক্রবার বাংলা নতুন বছরের প্রথম দিন ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে ‘সানসিল্ক হাজারও কণ্ঠে বর্ষবরণ-১৪২৪’ আয়োজন করা হয়।

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আবদুল হাকিমের বাঁশির সুর মুগ্ধ করেছে অতিথিদের। এরপর রবীন্দ্রসংগীতশিল্পী ও সুরের ধারার চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে একক গান ‘ওঠো ওঠো রে-বিফলে প্রভাত বহে যায় যে’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসবের মূল অনুষ্ঠান। তারপর রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারা ও সারা দেশ থেকে নির্বাচিত এক হাজার শিল্পীর কণ্ঠে পরিবেশিত হয় ‘ওহে দয়াময়, নিখিল-আশ্রয় এ ধরা-পানে চাও’।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও কথাসাহিতি্যক ইমদাদুল হক মিলন। বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীর দলীয় নৃত্য পরিবেশনা ছাড়াও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আইয়ুব বাচ্চু ও এলআরবি। আরও ছিল দেশীয় পোশাকে ‘সানসিল্ক বৈশাখী ফ্যাশন শো’।

ঋষিজের বর্ষবরণ

পয়লা বৈশাখের অন্যতম অনুষঙ্গ ঋষিজের বৈশাখী আয়োজন। শুক্রবার সকালে ঋষিজ শিল্পীগোষ্ঠীর আয়োজনে ‘জাগো নব আনন্দে’ শিরোনামে বর্ষবরণের অনুষ্ঠানটির উদ্বোধন করেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান। প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী মুজিবুল হক৷ বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সভাপতিত্ব করেন ঋষিজের সভাপতি ফকির আলমগীর। এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে কবি সব্যসাচী সৈয়দ শামসুল হক, কবি শহীদ কাদরী, মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ও পশ্চিমবঙ্গের লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে।

ঋষিজের বর্ষবরণের ৩৫ বছর পূর্তি উপলক্ষে এবার চার গুণীকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রথীন্দ্রনাথ রায় ও উমা খান, সাংবাদিক-গীতিকার ফকরে আলম এবং কবি নাসির আহমেদ।