হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেওয়ার ৭২ ঘণ্টা সময়সীমা পেরিয়ে গেলেও এ বিষয়ে কোনো তৎপরতাই শুরু হয়নি। গতকাল বুধবার খোঁজ নিয়ে জানা গেছে, কারখানাগুলো সরিয়ে নেওয়ার বিষয়ে মালিকেরা নিষ্ক্রিয় আছেন।
গত রোববার শিল্পমন্ত্রী আমির হোসেন আমু মালিকদের ৭২ ঘণ্টার মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সরিয়ে নিতে বলেছিলেন। এ ছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনকে (বিসিক) নির্দেশ দিয়েছিলেন, না সরলে উকিল নোটিশ পাঠাতে। গত মঙ্গলবার ৭২ ঘণ্টা সময়সীমা শেষ হয়ে গেছে।
গতকাল একাধিক ট্যানারি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, সাভারের হেমায়েতপুরে কারখানা সরিয়ে নেওয়ার কথা বলা হলেও সেখানে এখন পর্যন্ত পরিশোধনযন্ত্রই বসানো হয়নি। শিল্পমন্ত্রীকে কেউ ভুল বোঝানোয় তিনি ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিলেন। অন্তত ছয় মাস সময়ের আগে কারখানা সরানো সম্ভব নয়। এ বিষয়ে মন্ত্রীর কাছে বিনীত আবেদন জানাবেন বলেও জানান কর্মকর্তারা।
কারখানা সরিয়ে না নেওয়ায় উকিল নোটিশ পাঠানোর কথা, সে ধরনের কোনো নোটিশ কেউ পেয়েছেন কি না—জানতে চাইলে ওই ট্যানারি মালিকেরা বলেন, এখন পর্যন্ত সে ধরনের কোনো নোটিশ তাঁরা পাননি। তবে পেলে তার জবাব দেবেন।
বাংলাদেশ ট্যানার্স ইউনিয়ন ও বাংলাদেশ ফিনিশড লেদারের দুজন কর্মকর্তা বলেন, আজ (বুধবার) মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করা হয়েছিল। তাঁকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গত রাতে শিল্পমন্ত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকায় নেই বলে জানান। তিনি বলেন, ‘আমি আজ বরিশাল চলে এসেছি। তাঁরা (ট্যানারি মালিকেরা) দেখা করতে এসেছেন কি না জানি না।’