হাজারীবাগে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসা থেকে পুলিশ আয়েশা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে ৩৫ মনেশ্বর রোডের একটি বাড়ির ঘরের আড়ার সঙ্গে গলায় শাড়ি পেঁচানো অবস্থায় আয়েশার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। হাজারীবাগ থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, মৃত আয়েশা বেগমের স্বামী খোকন মিয়া প্রথম বিয়ের কথা গোপন রেখে তাঁকে (আয়েশা) বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। মাস খানেক আগে খোকন স্ত্রীদের না জানিয়ে আরও একটি বিয়ে করেন। এ নিয়ে গতকাল সকালে স্বামীর সঙ্গে আয়েশার ঝগড়া হয়। এর জের ধরে আয়েশা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। খোকন একটি কমিউনিটি সেন্টারের পরিচ্ছন্নতাকর্মী। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।