হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া নারীর নাম সালমা। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবু জাফর খান।
হাজারীবাগ থানার পুলিশ জানায়, গতকাল রাতে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার আরএস সিএনজি পাম্পে একটি ট্রাক গ্যাস নিতে আসে। এ সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণে ট্রাকে থাকা ওই নারী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ভোররাতে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এসআই আবু জাফর খান বলেন, মারা যাওয়া নারীর নাম সালমা বলে জানা গেছে। তবে তাঁর পুরো নাম ও ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। তিনি মাটি কাটার শ্রমিক ছিলেন।