হাজারীবাগে পোশাক কারখানায় আগুন
রাজধানীর হাজারীবাগে একটি তৈরি পোশাক কারখানায় গতকাল বুধবার আগুন লেগে কয়েকজন আহত হয়েছেন। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা তিনটায় হাজারীবাগের ট্যানারি মোড়ে কমনথ্রেট ফ্যাশনের নিচতলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এ সময় পুরো কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাততলা ভবনটির ওপরের তলাগুলো থেকে আগুন আতঙ্কে কয়েকজন নিচে লাফিয়ে পড়ে আহত হন। এর মধ্যে সালাউদ্দীন আহমেদ নামে এক শ্রমিকের অবস্থা গুরুতর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সাততলা ভবনটির নিচতলায় রাখা জেনারেটর কক্ষে আগুন লেগেছিল। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছিল। পরে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের আটটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়েছে।ফায়ার সার্ভিস জানায়, এতে পোশাক কারখানার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আবুল কালাম দাবি করেছেন, আগুনে প্রতিষ্ঠানটির একটি জেনারেটরসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।